• বিধানসভা কেন্দ্রে ‘মক কোর্ট’, ভোটপ্রচারে ‘ক্যাম্পাস বৈঠক’
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএফআই এবার ক্যাম্পাসের অন্দরেও ভোট প্রচার চালাবে বৈঠকি কায়দায়। বিভিন্ন বিধানসভায় করবে ‘প্রতীকী আদালত’। সিপিএমের উপর এককালে কম্পিউটার তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও এখন সেই দলই ইন্টারনেটে সক্রিয়। এবার বিধানসভা নির্বাচনের আগে নতুন সরকারের কাছে পড়ুয়াদের জন্য ‘এইমস’, ‘ফিফা’ চাইল এসএফআই। এখানে এইমস মানে হাসপাতাল নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডিউল সেশন। ফিফা মানে ফ্রি ইন্টারনেট ফর অল। মঙ্গলবার এসএফআই সাংবাদিক সম্মেলন করে এই দাবিপত্র রেখেছে। ‘স্কুল বাঁচাও, মূল বাঁচাও’ নিয়ে র‌্যাপ গান তৈরি হয়েছে। 

    এদিন এসএফআইয়ের রাজ্য দপ্তর থেকে ওই দাবিপত্র প্রকাশ করেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, বর্ণনা মুখোপাধ্যায়, শুভদীপ সরকার, শানু চট্টোপাধ্যায়রা। দাবিপত্রে বন্ধ স্কুল খোলার দাবি রাখা হয়েছে। এর পাশাপাশি, ছাত্রীসুরক্ষা, মাদ্রাসা উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, ছাত্র সংসদ নির্বাচন, গণপরিবহণে ছাড়সহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। একটি নির্বাচনি প্রচারের জন্য একটি  র‌্যাপ গানও প্রকাশ করা হয়। এবছর সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই একেবারে ক্যাম্পাসে ভোট প্রচার শুরু করবে।

    এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ‘কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সিতে আমরা ক্যাম্পাস বৈঠক করব। সেখানে নির্বাচন ভিত্তিক আলোচনা হবে। মূলত নতুন ভোটার, তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা। জেলাভিত্তিক বুলেটিন হবে। বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগমের সমর্থনে মিছিল হচ্ছে।’ 

    বেলেঘাটা ও কলকাতা বন্দর কেন্দ্রে এসএফআই শুরু করছে ‘মক কোর্ট’। কী হবে? শুভদীপ বলছিলেন, ‘ধরা যাক, বিষয় এসআইআর। তার পক্ষে আর বিপক্ষে বিতর্ক হবে। বিচারক থাকবেন। এভাবেই ছাত্র সংসদ নির্বাচন, ট্রান্স বিল নিয়ে আমরা আলোচনা করব।’ 
  • Link to this news (বর্তমান)