• প্রার্থী ঘোষণা না হওয়ায় ‘গৃহবন্দি’ কর্মীরা বেধড়ক মার দলের মহিলা সভাপতিকে
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রার্থীর নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। প্রচারের ময়দানে দাপাচ্ছে ‘শূন্য’ বাম শিবিরও। কিন্তু দেখা নেই রাজ্যের প্রধান বিরোধী দলের প্রার্থীর! কারণ, এখনও পদ্ম শিবির প্রার্থীর নামই ঘোষণা করে উঠতে পারেনি। কথা হচ্ছে উত্তর দমদম বিধানসভা কেন্দ্র নিয়ে। ভোট ঘোষণার পর প্রায় দু’সপ্তাহ অতিক্রান্ত হলেও প্রার্থী ঘোষণা না হওয়ায় স্থানীয় বিজেপি কর্মীরা কার্যত গৃহবন্দি। রাস্তাঘাটে বা বাজারে বেরলে এনিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন বিজেপি নেতারা। তবে উত্তর শহরতলির এই কেন্দ্রে বিজেপির বিড়ম্বনার এখানেই শেষ নয়! অতি সম্প্রতি বিজেপির মহিলা মণ্ডল সভাপতি ও এক রাজ্যস্তরের নেতাকে কার্যালয়ের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। তা নিয়ে নিমতা থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে গেরুয়া শিবিরের গৃহযুদ্ধ। যদিও বিজেপি কোন্দলের কথা অস্বীকার করেছে। 

    উত্তর দমদমে তৃণমূলের হয়ে লড়াই করছেন বর্তমান বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সিপিএম প্রার্থী করেছে দীপ্সিতা ধরকে। ইতিমধ্যেই তাঁরা প্রচারে ঝড় তুলেছেন। অথচ, গত কয়েকটি নির্বাচনে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির কোনো চিহ্ন নেই প্রচারের ময়দানে। ২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। ২০২১ সালে প্রায় ৩০ হাজার ভোটে উত্তর দমদম জিতে নেন চন্দ্রিমা। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। গত লোকসভা ভোটেও বিজেপি দ্বিতীয় স্থানে ছিল। এমন একটি আসনে তৃতীয় স্থানে থাকা বামেরা দাপিয়ে প্রচার করলেও উধাও বিজেপি। যদিও দলের জেলা সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব সম্ভাবনাময় প্রার্থীদের নিয়ে ভাবনাচিন্তা করছেন। ওই কাজ শেষ পর্যায়ে। যেকোনো মুহূর্তে প্রার্থী ঘোষণা হয়ে যাবে।’

    এই আবহে রবিবার রাতে উত্তর দমদম বিধানসভার ২ নম্বর মণ্ডলের গোষ্ঠী কোন্দল বেআব্রু হয়ে পড়েছে। এই মণ্ডলের সভাপতি পিঙ্কি পাল,  রাজ্যস্তরের নেতা তথা স্থানীয় বাসিন্দা সৌরভ পোদ্দার সহ আরও কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ে বসে কাজ করছিলেন। অভিযোগ, রাত ১০টা নাগাদ ওই মণ্ডলের সাধারণ সম্পাদক সহ ১০-১২ জন বিজেপি নেতা-কর্মী অফিসে ঢোকেন। তাঁরা পিঙ্কিদেবী ও সৌরভবাবুকে মারধর করেন। লিখিত অভিযোগে বিজেপি নেত্রী জানিয়েছেন, অফিসের দরজা বন্ধ করে তাঁকে বেধড়ক মারধর করা হয়। নিমতা থানায় তিনি দলেরই ৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আটটি ধারায় মামলা রুজু করেছে। পিঙ্কিদেবী বলেন, ‘ঘটনার কথা দলের জেলা সভাপতিকে জানিয়েছি। অভিযুক্তরা সবাই জেলা সভাপতির ঘনিষ্ঠ।’ যদিও এ বিষয়ে জেলা সভাপতি বলেন, ‘এমন কিছু আমার জানা নেই। খোঁজ নেব।’ 
  • Link to this news (বর্তমান)