‘অম্বিকা রায়কে আর টিকিট নয়’, দপ্তরে প্রতিবাদ, শাস্তি দিতে কর্মীকে মারধর বিজেপির!
বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, কল্যাণী: প্রায় দু’সপ্তাহ আগে রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়েছে। মঙ্গলবার বিজেপি তাদের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিন্তু এখনও তাদের জিতে থাকা কল্যাণী বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি তারা। এর মধ্যেই কল্যাণীতে বিজেপির অন্দরের কোন্দল ফের প্রকাশ্যে এসে পড়ল। এনিয়ে ডামাডোল অবশ্য গত ক’দিন ধরেই চলছে। কল্যাণীর বর্তমান বিধায়ক অম্বিকা রায়কে যেন এবার টিকিট না দেওয়া হয়—এই দাবিতে গত সোমবার বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকদের একাংশ। এই আবহে মঙ্গলবার উত্তেজনা চরমে ওঠে। মিঠুন মণ্ডল নামে বিক্ষোভকারী এক বিজেপি কর্মী এদিন অম্বিকা রায়ের পার্টি অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। সেই সময় নিজের অফিসে উপস্থিত ছিলেন অম্বিকা রায়ও। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক ব্যক্তিকে আটক করে।
আহত বিজেপি কর্মীকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়। মিঠুন মণ্ডল বলেন, ‘গত পাঁচ বছরে অম্বিকা রায় কোনো কাজ করেননি। আমরা রাজ্য অফিসে এটাই জানাতে গিয়েছিলাম। সেখানে কেন গিয়েছি, এই প্রশ্ন তুলে বিধায়কের অফিসের সামনে তাঁরই লোকজন আমাকে আক্রমণ করে। আমার দলেরই লোক তারা।’ এই ঘটনার পর অম্বিকা রায় নিজের অনুগামীদের নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁর অভিযোগ, পুলিশ ঘর থেকে একজনকে থানায় নিয়ে আসার সময় মহিলাদের শ্লীলতাহানি করেছে। ওই পুলিশকর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। কল্যাণী থানার পুলিশ বিধায়কের অভিযোগ গ্রহণ করার পর বিক্ষোভ ওঠে। এ বিষয়ে অম্বিকাবাবু বলেন, ‘পুলিশ রাজ্যের শাসক দলের কথায় যা খুশি করছে। এটা চলতে পারে না।’ যদিও মারধরের ঘটনা নিয়ে তিনি কিছু বলতে চাননি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কল্যাণী কেন্দ্রটি তৃণমূলের থেকে দখল করে বিজেপি। এছাড়া, ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। বিশেষ করে কল্যাণীতে গত লোকসভা নির্বাচনে প্রায় ৯ হাজার ভোটে ‘লিড’ ছিল তাদের। তবে নির্বাচনের মুখে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।