• সারা রাত লাইন দিয়েও মিলল না গ্যাস সিলিন্ডার, রাস্তা অবরোধ বাদুড়িয়ায়
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: গ্যাসের সিলিন্ডারের কালোবাজারির প্রতিবাদে পথ অবরোধ। মঙ্গলবার এই কালোবাজারির অভিযোগ এনে বাদুড়িয়ার চণ্ডীপুরে একটি গ্যাস সরবরাহ এজেন্সির বিরুদ্ধে গ্রাহকরা বিক্ষোভ ও দফায় দফায় পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ। গ্রাহকদের অভিযোগ, তাঁদের বুক করা সিলিন্ডার কালোবাজারি করে চড়া দামে বিক্রি করা হচ্ছে হোটেল, রেস্তরাঁতে। ওটিপি প্রতারণা করে হাতিয়ে নেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার। এদিকে, গ্রাহকরা রোজ গভীর রাত থেকে লাইন দিচ্ছেন গ্যাসের জন্য। সোমবার রাতেও তাঁরা লাইন দিয়েছিলেন। তাঁদের মধ্যে কেউ গৃহবধূ, তো কেউ আবার প্রবীণ নাগরিক। কিন্তু প্রায় সারা রাত অপেক্ষার পর মঙ্গলবার সকালে তাঁরা নোটিশ দেখেন যে, সিলিন্ডার নেই। তাতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। প্রতিবাদে মহিলারা মানববন্ধন করে রাস্তা অবরোধ করেন। পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ। আশ্বাস দিয়ে তারা অবরোধ তুলে দেয়। তবে এই অবরোধের ফলে এলাকায় ব্যাপক যানজট হয়। মঙ্গলবার চাতরায় হাটবার হওয়ার জন্য সবজির গাড়ি আটকে পড়ে প্রায় তিন কিলোমিটার দূর পর্যন্ত।এর নিন্দা করে পিয়ারা তেঘরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অমৃত মণ্ডল বলেন, গ্যাসের জন্য ছেলেমেয়েদের মিড ডে মিলের খাবার সময় মতো দিতে পারছি না। আর সেই গ্যাস গ্রাহকদের না দিয়ে কালোবাজারি হচ্ছে– এটা খুবই দুঃখজনক। প্রশাসনকে অনুরোধ করব, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গ্যাস এজেন্সি। তাদের পক্ষ থেকে বলা  হয়, তারা ঠিকঠাক সাপ্লাই পাচ্ছে না। তার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুত সমস্যা মিটে যাবে।
  • Link to this news (বর্তমান)