• টালবাহানার পর সোনারপুর উত্তর, ফলতা ও মগরাহাট পূর্বে প্রার্থী ঘোষণা বিজেপির
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট ঘোষণা হওয়ার পর দু’সপ্তাহ অতিক্রান্ত। বহু কেন্দ্রে তৃণমূল, সিপিএম এমনকি অনেক বিজেপির প্রার্থী প্রচারের কয়েকটি ধাপ শেষ করে ফেলেছেন। তবে জেলার অবশিষ্ট তিনটি আসনে গেরুয়া শিবির কবে প্রার্থী ঘোষণা করবে, তা নিয়ে এতদিন ধরে চলছিল টানাপোড়েন। 

    অবশেষে মঙ্গলবার সোনারপুর উত্তর, ফলতা এবং মগরাহাট পূর্ব বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিতর্কিত প্রাক্তন আইপিএস দেবাশিস ধর’কে সোনারপুর উত্তর থেকে দাঁড় করিয়ে চমক দেওয়ার চেষ্টা করল গেরুয়া পার্টি। বাকি দুটি আসনে স্থানীয় প্রার্থীদের উপর ভরসা রাখল বিজেপি। তাঁরা হলেন দেবাংশু পান্ডা ও উত্তমকুমার বণিক। 

    সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তারকা প্রার্থী দিলেও উত্তরে কাকে দাঁড় করানো যায় তা নিয়ে চলছিল টালবাহানা। উঠে আসছিল এক অভিনেত্রীর নাম। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে, শেষমেশ ২০২৪ সালে বীরভূম থেকে যাঁকে প্রার্থী করে পরবর্তী সময়ে মুখ পড়েছিল বিজেপির সেই দেবাশিসবাবুকে এই আসন থেকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিল গেরুয়া পার্টি। সেবার প্রার্থী হয়েও নথি জটে মনোনয়ন পেশ করে তা বাতিল হয় তাঁর। আবার এই প্রাক্তন পুলিশ কর্তাকে ভোটের ময়দানে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করল বিজেপি। বিজেপির যাদবপুর সংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দার বলেন, অবশেষে সোনারপুর উত্তরে আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এবার তাঁর পরিচিতি হবে বুথ কর্মীদের মধ্যে। তারপর ভোট প্রচারের প্রস্তুতি শুরু হবে। তিনি স্থানীয় নাকি বহিরাগত সে নিয়েও শুরু হয়েছে চর্চা। খোদ বিজেপির অন্দরে এই নিয়ে সুস্পষ্ট খবর নেই। তৃণমূল অবশ্য বলছে, দেবাশিসবাবু সোনারপুরের বাসিন্দা নন। তাঁর প্রতিদ্বন্দ্বী নিয়ে অবশ্য খুব বেশি কথা বলতে চাননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসি বেগম। তিনি স্রেফ বলেন, উন্নয়নের উপর ভর হবে। রাজনৈতিক লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।

    এদিকে, ফলতায় এবার আইনজীবী দেবাংশু পান্ডা টিকিট পেলেন। তিনি ডায়মন্ডহারবারের বাসিন্দা। তৃণমূলের কটাক্ষ, তাঁর বিরুদ্ধে এর আগে একাধিক দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছিল। সেই ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। যদিও তাতে আমল দিতে নারাজ পদ্ম পার্টি। ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি মাধ কুমার বলেন, প্রার্থী ঘোষণার পর আমরা নিজেদের মধ্যে বৈঠক করব। কীভাবে প্রচার আরম্ভ হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে দল। অন্যদিকে, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিককে টিকিট দিয়েছে বিজেপি। তিনি এলাকার বাসিন্দা। 
  • Link to this news (বর্তমান)