• সোদপুরে মন্দিরে, জগদ্দলে ব্যাটারি কারখানায় চুরি, পাকড়াও ২ দুষ্কৃতী
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর: সোদপুরে একটি মন্দিরে এবং জগদ্দলে একটি ব্যাটারি কারখানায় চুরি। আট নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ওই মন্দিরে চুরির অভিযোগে মঙ্গলবার সোদপুরে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ এলাকাবাসী দুই অভিযুক্তকে পাকড়াও করে মারধর করেন। পরে খড়দহ থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোদপুরে এদিন ওই মন্দিরের মধ্যে অপরিচিত তিনজনকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মন্দিরে দিকে যেতেই তাঁরা পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে দু’জনকে হাতেনাতে পাকড়াও করেন এলাকাবাসীরা। তাঁদের মধ্যে এক নাবালকও ছিল। উত্তেজিত এলাকাবাসী তাঁদের চড়-থাপ্পড়ও দেন। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। 

    জগদ্দলে ব্যাটারি কারখানায় চুরির অভিযোগে মঙ্গলবার সাতজন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজেশ কুমার মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে দাবি করেন, ওই সাত কর্মীকে সাসপেন্ড করতে হবে। সেই সঙ্গে শ্রমিকদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। আর যে ঠিকাদারি সংস্থার অধীনে ওই সাতজন কর্মী কাজ করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম বলেন, যারা চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। এটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। আসলে জগদ্দলের মানুষ বহিরাগত বিজেপি প্রার্থীকে মেনে নিতে পারছে না। তাই সাংবাদিক বৈঠক করে হাওয়া গরম করছেন।
  • Link to this news (বর্তমান)