• বেহালা পূর্বের সমস্ত বাড়িতে জোড়াফুল প্রতীক ও প্রার্থীর ফোন নম্বর তৃণমূলের
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ মাসেই রাজ্যে ব্যালট-ব্যাটল। কলকাতায় প্রচার মধ্যগগনে উঠে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ চলছে দু’বেলা। প্রতিদিন দলীয় কর্মীদের সঙ্গে বসে নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করছেন প্রার্থীরা। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বহু যুদ্ধের সৈনিক শুভাশিস চক্রবর্তী। প্রতিদিন সন্ধ্যায় প্রচার শেষে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে করছেন তিনি। সেরকমই একটি বৈঠক হয় বেহালা পূর্ব বিধানসভা এলাকার ১২৪ নম্বর ওয়ার্ডে। সেখানে তৃণমূল কর্মীদের অভিনব প্রচারের উপায় বাতলান দক্ষ সংগঠক শুভাশিস। এই বিধানসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে ঘাসফুল প্রতীক পৌঁছে দিতে হবে। সঙ্গে দিতে হবে শুভাশিসের ছবি ও ফোন নম্বরও। কর্মীদের এই নির্দেশ দিয়েছেন প্রার্থী। অর্থাৎ ভিজিটিং কার্ডের মতো প্রার্থী পরিচিতি পৌঁছবে প্রতি ঘরে। তৃণমূল কর্মীরা জানান, এই নির্দেশ দিয়েছেন প্রার্থী। কবে থেকে শুরু হবে সে সংক্রান্ত ডেডলাইন এখনও দেননি। 

    শুভাশিসবাবু মঙ্গলবার ঠাকুরপুকুরে প্রচার করেন। একই এলাকায় জনসংযোগ সারেন কংগ্রেস প্রার্থী পেশায় আইনজীবী অভিজিৎ রাহা। মালা পরিয়ে তাঁকে সংবর্ধনা দেন দলের কর্মীরা। বেহালা পশ্চিম কেন্দ্রের ১২৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। তিনি স্থানীয়দের বলেন, ‘২৯ তারিখ ভোট। আমাকে আশীর্বাদ করবেন।’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চেতলার মাটালিবাগানে জনসংযোগ কর্মসূচি ছিল ফিরহাদ হাকিমের। পাটুলি, বৈষ্ণবঘাটা অঞ্চলের রবীন্দ্রপল্লিতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। সন্ধ্যা থেকে হাজরা মোড়ে ভোটাধিকার বাঁচাতে অবস্থানে বসেন ভবানীপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। এছাড়া যোগ্য ভোটারদের নাম রক্ষার দাবিতে সাপগাছি বাজারে অবস্থান-বিক্ষোভ করেন কসবা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপু দাস। বিকেলে বিটি রোড, গোপাল মুখার্জি রোড, লালাবাবু লেন, চিড়িয়ামোড় অঞ্চলে প্রচার করেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। সকালে তিলজলা রোড, রায়চরণ পাল লেন এবং ৫৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন এন্টালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা। ৫৬ নম্বর ওয়ার্ডের কোমরডাঙা রোডে প্রচার করেন তিনি। টালিগঞ্জ বিধানসভার ১১৩ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোণীতে প্রচার করেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ব্রাইট স্ট্রিটে প্রচারে নামেন সিপিএম প্রার্থী আফরিন বেগম। সকালে ১৩ নম্বর ওয়ার্ডের মহাপ্রভু জগন্নাথ মন্দির, কাঠপোল, ক্যানাল ইস্ট রোড সংলগ্ন অঞ্চলে প্রচারে সারেন মানিকতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুমন রায় চৌধুরী। রাসবিহারী কেন্দ্রের মসজিদ পাড়ায় ডোর-টু-ডোর জনসংযোগ সারেন কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। বাঁশদ্রোণী অঞ্চলে এদিন বাড়ি বাড়ি জনসংযোগে নামেন টালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী।
  • Link to this news (বর্তমান)