নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৪ বছরের এক কিশোরীকে গোডাউনে আটকে রেখে যৌন হয়রানির অভিযোগে সোমবার জোড়াসাঁকো থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজ। মঙ্গলবার তাকে কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে হাজির করা হলে ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী বলেন, ১৪ বছরের ওই কিশোরীর খোঁজ না মেলায় পুলিশে অভিযোগ করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাকে জোড়াসাঁকো এলাকার একটি গোডাউনে আটকে রাখা হয়েছে। অভিযোগ, সেখানে তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। সোমবার পুলিশের একটি দল সেখানে হানা দিয়ে ওই গোডাউন থেকে কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়। এদিন সরকারপক্ষ কিশোরীর গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল পরীক্ষার আরজি জানায়। বিচারক তা মঞ্জুর করেছেন। চলতি সপ্তাহে ব্যাঙ্কশাল আদালতের এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি দেওয়ার কথা।