দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ, বিক্ষোভ সিপিএমের
বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তরপাড়ার কানাইপুর ফাঁড়িতে মঙ্গলবার রাতে ঘেরাও-বিক্ষোভ দেখাল সিপিএম। দলীয় প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে চলে বিক্ষোভ। অভিযোগ, সুশীল দাস এবং তাঁর বাবা দুজনেই সিপিএম কর্মী। তাঁরা এদিন প্রচারে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে রাতে তাঁদের উপর হামলা করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁরা বর্তমানে চুঁচুড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মীনাক্ষীর অভিযোগ, মদ-মাতালদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। অঞ্চলে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে। এর আগে দেওয়াল দখল সহ নানা বিষয় সামনে এসেছিল। এবার সিপিএম কর্মীদের উপর হামলাও হচ্ছে। মীনাক্ষীর হুঁশিয়ারি, পুলিশ কড়া পদক্ষেপ না নিলে রাতভর এই ধরনা চলবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে, এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় এদিন শ্রীরামপুর কংগ্রেস অফিসে বিক্ষোভ হয়।