নিজস্ব প্রতিনিধি,১ এপ্রিল: রাজ্যে নির্বাচন আসন্ন, আর আগে ফের সক্রিয় ইডি। আজ সকাল থেকে শহরের ৬ জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে উল্লেখযোগ্য বালিগঞ্জ এলাকার ত্রাস বলে পরিচিত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়ি। পাশাপাশি হানা দেওয়া হয়েছে সান এন্টারপ্রাইজ নামে এক নির্মাণ সংস্থার দপ্তরেও। অভিযোগ নির্মাণ ব্যবসায় বিনিয়োগ হয়েছে বিপুল পরিমাণ কালো টাকা। তার তদন্তে নেমে আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোনা পাপ্পুর নাম সম্প্রতি শিরোনামে আসে গোলপার্ক সংলগ্ন কাকুলিয়া রোডে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে। তার নামে থানায় অভিযোগ দায়ের হলেও, তার হদিশ এখনও পায় নি পুলিশ। ইডি সূত্রে খবর, কসবা, বালিগঞ্জ এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনা পাপ্পু। অভিযোগ তিনি নাকি বিভিন্ন নির্মাণসংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন। তার মাধ্যমেই নাকি সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। এই অভিযোগের তদন্তেই আজকের অভিযান বলে ইডি সূত্রের দাবি।