বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে আচমকাই হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা। শুধু সোনা পাপ্পুর বাড়িই নয়, বুধবার শহরের আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে রয়েছে অশ্বিনী দত্ত রোডের একটি অফিসও। প্রাথমিক ভাবে ইডি সূত্রে খবর, কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগের তদন্তে বিভিন্ন নির্মাণ সংস্থা এবং সেই সব সংস্থার সঙ্গে জড়িতদের বাড়ি ও অফিসে এই অভিযান চলছে।
তদন্তকারীদের সূত্রে খবর, কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে নির্মাণ সংস্থার বিরুদ্ধে। সেই লেনদেনে সোনা পাপ্পুরও নাম জড়িয়েছে। তার ভিত্তিতেই এই অভিযান। ওই টাকা কোনও ভাবে 'প্রভাবশালী'দের হাতে যাচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বরাবরই তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত সোনা পাপ্পু। সম্প্রতি রবীন্দ্র সরোবরে একটি সংঘর্ষের ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল। ঘটনাচক্রে, সোনা পাপ্পু যে এলাকার বাসিন্দা, সেই বালিগঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও দিন দুয়েক আগে অন্য একটি মামলার তদন্তে তলব করেছিল ইডি। এ বার তল্লাশি অভিযান চলল সোনা পাপ্পুর বাড়িতে।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই তল্লাশি অভিযান বলে দাবি সোনা পাপ্পুর আইনজীবীর। তিনি বলেন, 'আমার মক্কেলের স্ত্রীর কাছে শুনেছি এই ঘটনার কথা। ওঁরা দু'জনেই বাড়িতে ছিলেন না। আমি যে সময়ে এলাম, তখনই আমার মক্কেলের স্ত্রী এসেছিলেন বাড়িতে। আমার মক্কেল একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। সেই কারণেই বারবার এই ভাবে হেনস্থা করা হচ্ছে। আমার মক্কেলের বিরুদ্ধে কোনও জমি সংক্রান্ত বিষয় নিয়েই মামলা নেই। তার পরেও কেন এই ভাবে তল্লাশি অভিযান হচ্ছে জানি না। ইডিও স্পষ্ট ভাবে কিছু জানায়নি এখনও। ওরা জানালে আমরা আমাদের মতো করে উত্তর দেব।'