বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুরজিৎ চিত্র বাদল। তাঁর সমর্থনে বুধবার এলাকায় একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়। এ দিন তিনি ভোটার তালিকায় সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হন। তিনি বলেন, ‘SIR প্রক্রিয়া অত্যন্ত উদ্বেগ জনক। এই প্রক্রিয়া সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলছে।’ এ দিনের সভা থেকে তিনি স্পষ্ট করে দেন, যে তৃণমূল কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখন রাজনৈতিক মহলে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
এ দিনের সভামঞ্চ থেকে বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, শুধু সাধারণ মানুষ নয়, SIR প্রক্রিয়ায় বহু বিশিষ্ট ব্যক্তির নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। উদাহরণ হিসেবে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামি এবং তৃণমূল নেত্রী শশী পাঁজার নাম উল্লেখ করেন। বাবুল সুপ্রিয় বলেন, ‘SIR সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি করছে। দেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে।’
এ দিন SIR-র প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই ভোটার তালিকা সংশোধনের নামে কারচুপির বিরুদ্ধে সরব হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুরু থেকেই এই ইস্যুতে জোরালো প্রতিবাদ জানিয়ে আসছেন।’
বাবুল সুপ্রিয়র অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে অসঙ্গতি রয়েছে। মহারাষ্ট্রে গত পাঁচ বছরে প্রায় ৪ লক্ষ ভোটার বেড়েছে। একই ধরনের ঘটনা দিল্লিতেও ঘটেছে বলে তিনি দাবি করেন। আরও অভিযোগ, বিরোধীরা অনুপ্রবেশকারী চিহ্নিত করার দোহাই দিয়ে আসলে বৈধ নাগরিকদের নাম বাদ দিচ্ছে।
এ দিনের সভায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘বর্তমানে দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন কমিশন চাপের মুখে। নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক।’