বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, আগামী ৬ এপ্রিল রাত বারোটা পর্যন্ত অ্যাজুডিকেশন সংক্রান্ত নথিগুলির নিষ্পত্তি করা হবে। এরপর আর প্রথম দফা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় কোনও নাম ঢুকবে না। পাশাপাশি ৯ এপ্রিল শেষ নাম ঢুকবে দ্বিতীয় দফা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায়।অর্থাৎ এরপর ভোটার তালিকা ফ্রিজ করা হবে। অন্য দিকে, ট্রাইব্যুনালে নাম বাদ গেলে কী করতে হবে ভোটারদের, সে ব্যাপারেও অবস্থান স্পষ্ট করল কমিশন।
এ দিন CEO দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত ৬০ লক্ষের মধ্যে ৪৭ থেকে ৪৮ লক্ষ নথির নিষ্পত্তি হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৭ এপ্রিলের মধ্যে বাকি সব নথির নিষ্পত্তি হয়ে যাবে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, প্রতিদিন গড়ে ১ লক্ষ ৭৫ হাজার থেকে ২ লক্ষ লোকের নিষ্পত্তি হচ্ছে।
ট্রাইব্যুনাল সংক্রান্ত কাজে বুধবারই নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের ট্রেনিংয়ের কাজ হয়ে যাবে বলেও জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে যাবে। তবে, ট্রাইব্যুনালে গিয়েও ভোটারের নাম বাদ যেতে পারে। সেই ক্ষেত্রে কী করণীয়? এ দিন মনোজকুমার আগরওয়াল জানান, যাঁদের নাম ট্রাইব্যুনালের থেকেও কাটা যাবে তাঁরা আদালতে যেতে পারেন।
অন্য দিকে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ এখনও ফাঁকা আছে। তাই আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেই পদগুলোতে IPS আধিকারিকদের বসানোর আবেদন জানিয়ে রাজ্যের CEO-কে ১২ জন IPS-কে বসানোর প্রস্তাব বিবেচনা করে দেখার জন্য চিঠি পাঠিয়েছে রাজ্য। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।