মঙ্গলবার বাগদা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়বেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তাঁকে ‘বহিরাগত প্রার্থী’ বলে দাবি করে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী, সমর্থকদের একাংশ।
এ দিন দলীয় পতাকা হাতে বাগদার হেলেঞ্চাতে প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি কর্মী সমর্থকরা। ‘বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না’ স্লোগান তুলে মিছিল করা হয়। বাগদার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বর বলেন, ‘বাগদার মানুষ আজকের এই প্রতিবাদ মিছিলে নেমেছে। আমরা সবাই বিজেপি করি । বহিরাগত প্রার্থী প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’
তাঁদের আরও দাবি, উপনির্বাচনেও বহিরাগত প্রার্থী নিয়ে আসা হয়েছিল। এ বার তাই বহিরাগত প্রার্থীকে মানবেন না তাঁরা। উল্লেখ্য, এই আসনে ২০২৪ সালে উপনির্বাচন হয়। সেখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। বিজেপি প্রার্থী হয়েছিলেন বিনয়কুমার বিশ্বাস। এই আসন থেকে জয়ী হন মধুপর্ণা। ২৬-এর লড়াইয়েও তাঁকে প্রার্থী করা হয়েছে।