• ‘দলবদলু’ প্রার্থী নিয়ে অসন্তোষ, কোচবিহারে ‘ক্ষোভের আগুনে’ পুড়বে বিজেপি?
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • কোচবিহার জেলায় ৯টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২০২১-এর নির্বাচনে ৭টিতে জয়ী হয়েছিল বিজেপি। ২টি আসনে জিতেছিল তৃণমূল। পরে উপ নির্বাচনে একটি আসন ছিনিয়ে নেয় তৃণমূল। এখন জেলায় বিজেপির ৬ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে তৃণমূলের বিধায়ক সংখ্যা ৩। কিন্তু ২০২৬-এর নির্বাচনে বিজেপির জয়ী বিধায়কদের মধ্যে ৪ জনকেই টিকিট দেয়নি দল। চারটি কেন্দ্রে নতুন মুখ দিয়েছে বিজেপি। টিকিট না পাওয়া নিয়ে বিদায়ী বিধায়করা মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু নিচুতলার কর্মীদের একাংশের অসন্তোষ টের পাওয়া গিয়েছে।

    যেমন সিতাই কেন্দ্র। এখানে বিজেপি প্রার্থী গ্রেটার কোচবিহার নেতা আশুতোষ বর্মা, তাঁকে নিয়ে প্রশ্ন তুলে জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির কর্মীদের একাংশ। প্রার্থী বদল করার জন্য দাবি করেছেন তাঁরা। নাটাবাড়ি আসনটি বিজেপির জেতা কেন্দ্র। এখানে গ্রেটার কোচবিহার নেতা গিরিজা শংকর রায়কে পার্থী করেছে বিজেপি। তিনি কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। এটা নিয়েও প্রশ্ন তুলছেন দলের কর্মীদের একাংশ।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, মাথাভাঙ্গা এবং শীতলখুচি এই সাতটি আসন দখল করেছিল বিজেপি। পরে দিনহাটার জেতা আসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সংসদ হিসেবে ফিরে গেলে সেখানে উপনির্বাচন হয়। তখন ওই কেন্দ্রে জয়ী হয় তৃণমূলের উদয়ন গুহ।

    এ বার বিধানসভা নির্বাচনে কোচবিহারের তুফানগঞ্জে মালতী রাভা রায়কে বিজেপি ফের প্রার্থী করেছে। কোচবিহার উত্তর কেন্দ্রে সুকুমার রায় আবার টিকিট পেয়েছেন। এর বাইরে কোচবিহার দক্ষিণে নিখিল রঞ্জন দের পরিবর্তে প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রথীন্দ্র নাথ বোসকে। দিনহাটায় ২০২১ এ প্রার্থী হয়েছিল নিশীথ প্রামানিক। এবার নিশীথ মাথাভাঙ্গা থেকে দাঁড়িয়েছেন। সেখানে বিজেপি বর্তমান বিধায়ক সুশীল চন্দ্র বর্মনকে টিকিট দেয়নি। দিনহাটাতে প্রার্থী করা হয়েছে দলের জেলা নেতা অজয় রায়কে। নাটাবাড়িতে মিহির গোস্বামীর পরিবর্তে প্রার্থী করা হয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া গ্রেটার কোচবিহার নেতা গিরিজা শঙ্কর রায়কে। অন্যদিকে শীতলখুচি বিধানসভা কেন্দ্রে বিজেপি বর্তমান বিধায়ক বরেন চন্দ্র বর্মনের পরিবর্তে প্রার্থী করেছে দলের জেলা নেত্রী সাবিত্রী বর্মনকে।

    আর এই পরিস্থিতিতে নিচু তলার কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিতাইয়ের বিজেপির মন্ডল সহ সভাপতি অনিমেষ রায় বলছেন, ‘সারা বছর সেখানে দলের হয়ে কাজ করছি। শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। অথচ সেখানে গ্রেটার সংগঠনের আশুতোষ বর্মাকে প্রার্থী করা হয়েছে। এটা কোনও ভাবে মেনে নেওয়া যায় না। তাই প্রার্থী বদল করতে হবে। দলের কাউকে প্রার্থী করতে হবে।’ এ দিকে বিজেপির মিহির গোস্বামীকে তাঁর প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলছেন, ‘কোথাও কোনও প্রার্থী বদলের প্রশ্ন নেই। দলের সিদ্ধান্ত চূড়ান্ত।’

  • Link to this news (এই সময়)