• এক ঘণ্টার ব্যবধানে দু’‌বার গাড়ি তল্লাশি কমিশনের!‌
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • মিল্টন সেন, হুগলি, ১ এপ্রিল: কিছু তো পাওয়া গেল না!‌ অথচ মাত্র এক ঘণ্টার ব্যবধানে দু’‌দুবার চেকিং হল তৃণমূল প্রার্থীর গাড়ি। সময় নষ্ট হল বেশ অনেকটাই। নির্দিষ্ট সময়ে কর্মসূচিতে পৌঁছতে পারলেন না তৃণমূল প্রার্থী। রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশির নামে সময় নষ্ট করে দেওয়া। এটা উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত। নির্বাচন কমিশনকে কটাক্ষ প্রার্থী তন্ময় ঘোষের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। 

    শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ তখন শ্রীরামপুরে আসছিলেন। তাঁর অভিযোগ, এদিন সকালে তিনি যখন প্রচারের উদ্দেশে কলকাতা থেকে শ্রীরামপুরে আসছিলেন সেই সময় প্রথমে সিঙ্গুর বিধানসভার ঝাঁকারি এলাকায় তাঁর গাড়ি থামানো হয়। নাকা চেকিং চলছিল। সেখানে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে গাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। কিছুই পাওয়া যায়নি। তবে বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি। সেখান থেকে নিস্তার মেলার এক ঘন্টা পর চাঁপদানি বিধানসভা এলাকার চাঁপসরা দিয়ে যাওয়ার সময় ফের নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁর গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তন্ময় ঘোষের অভিযোগ শুধুমাত্র তাঁর গাড়ি তল্লাশি করা হচ্ছে। রাস্তা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করছে, সেগুলিকে কিছুই বলছে না আধিকারিকরা। তাঁর আরও অভিযোগ, এক আধিকারিক তাঁর সঙ্গে খারাপ আচরণও করেন। তৃণমূল প্রার্থী বলেন, বিজেপি ভয় পেয়েছে। তার জন্য কমিশনের সাহায্য নিচ্ছে। তাঁর গাড়ি তল্লাশি হোক। বারবার হোক। তাতে তাঁর কোনও অসুবিধা নেই। কিন্তু শুধু তাঁর গাড়ি কেন। হলে সকলের গাড়িতেই তল্লাশি চালক। অন্য গাড়িতে তল্লাশি হচ্ছে না কেন? সেটাই তাঁর প্রশ্ন। 

    এটা ঘটনা, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন। সঙ্গে থাকছে রাজ্য পুলিশ।

     গাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি ছবিও তুলে রাখা হচ্ছে। একজন প্রার্থীর গাড়ি বার বার দাঁড় করিয়ে সময় নষ্ট করে দেওয়াটাও একটা চক্রান্ত। ফলে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে পাশ দিয়ে অন্য দলের নেতাদের গাড়ি চলে যাচ্ছে। তন্ময় বাবুর অভিযোগ, এটা উদ্যেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে।

    ‌‌

    ‌‌
  • Link to this news (আজকাল)