প্রদেশ কংগ্রেস সভাপতি টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন। এই অভিযোগে প্রদেশ কংগ্রেস ভবন বিধানভবনে বিক্ষোভ কংগ্রেসের একাংশের। তার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষও শুরু হয়ে যায়। রক্ত ঝরে একজনের। ঘটনায় উত্তেজনা।
বুধবার দুপুরে বিধান ভবনে জড়ো হন দলীয় কর্মী ও সমর্থকেরা। তাঁদের মধ্যে ছিলেন মহিলারাও। অভিযোগ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার টাকা নিয়ে প্রার্থীপদ বিক্রি করেছেন। প্রার্থীপদ বাতিল করে ফের নতুন প্রার্থী দেওয়ার দাবি তোলেন বিক্ষুব্ধরা। আর তারপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এক পক্ষ অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। চেয়ার টেবিল ভাঙচুর ও ছোড়াছোড়ি শুরু হয়। ঘটনায় একাধিক কর্মী ও সমর্থক মাথায় গুরুতর আঘাত পান বলে অভিযোগ।
বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ কংগ্রেস কর্মী। বাংলার কংগ্রেস নেতৃত্ব যে প্রার্থী তালিকা তৈরি করেছে তা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC) ও রাহুল গান্ধীর নীতি-আদর্শের পরিপন্থী।
এক মহিলা কর্মী জানান, তাঁর উপরও হামলা করা হয়েছে। এক কর্মীর মাথায় গুরুতর চোট পান। রক্তাক্ত অবস্থাতেই তিনি প্রতিবাদ করতে থাকেন। এরপর বিক্ষোভকারীরা কংগ্রেসের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন।
এক প্রতিবাদী বলেন, 'আমরা নিজের পকেটের টাকা খরচ করে দল করি। এখানে নিজেদের বক্তব্য জানাতে এসেছিলাম। কিন্তু আমাদের কথা শোনার কেউ নেই। আমরা চাই রোহন মিত্রর নাম বাতিল করা হোক। শান্তিপূর্ণ প্রতিবাদ জানালেও আমাদের উপর হামলা করা হয়।'