SIR- প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যাতে ফের আবেদন করতে পারেন, তার জন্যই ট্রাইব্যুনাল গঠন হওয়ার নির্দেশ ছিল। ২ এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল ট্রাইব্যুনালের। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত দিন থেকে সেটা চালু হচ্ছে না। সূত্রের খবর, ট্রাইব্যুনাল নিয়ে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক ছিল তা ফলপ্রসূ হয়নি।
কেন ফলপ্রসূ হলো না বৈঠক? সূত্রের খবর, একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেনি কমিশন। ট্রাইব্যুনালে আবেদন বিচার করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের থাকার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু ট্রাইব্যুনালে বসে ভোটারদের কী উত্তর দেবেন বা কোন পথে সমাধান করবেন সেটা এখনও স্পষ্ট নয় অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাছে। একাধিক বার জানতে চাওয়ার পরেও অবসরপ্রাপ্ত বিচারপতিরা কমিশনের জবাবে সন্তুষ্ট হননি বলে সূত্রের খবর। সেই কারণে ভেস্তে গেল এ দিনের বৈঠক। সূত্রের খবর, একাধিক ট্রাইব্যুনাল বসানোর মতো পরিকাঠামো রয়েছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফের কবে বৈঠক হবে সেটা এখনও জানা যায়নি। একটি সূত্রের খবর, বৃহস্পতিবার ফের বৈঠক বসতে পারে। কিন্তু সে বারও এই একই প্রশ্নের জবাব চাইবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সূত্রের খবর, কমিশনের জবাবে তাঁরা সন্তুষ্ট হলেই ট্রাইব্যুনালের প্রক্রিয়া চালাবেন মত দিয়েছেন। বৃহস্পতিবার আইআইএম জোকাতে ট্রাইব্যুনাল বসার কথা ছিল, সেটা আপাতত স্থগিত করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। এর ফলে যাঁদের নাম ‘ডিলিটেড’ তালিকায় রয়েছে, তাঁরা ভোট দিতে পারবেন কি না, নাম তোলা গিয়ে কার কাছে যাবেন, তা এখন বিশ বাঁও জলে।