• ‘ভাবতে হবে... আমরা কী পেয়েছি?’, হুমায়ুনকে জেতানোর ডাক ওয়েইসির
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধেছে আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। মুর্শিদাবাদের নওদায় প্রার্থী হয়েছেন হুমায়ুন। এ বার তাঁর সমর্থনে বুধবার নওদার ডুবতলা ময়দানে সভা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

    ওয়েইসি বলেন, ‘মিম জোট করেছে হুমায়ুন কবীরের সঙ্গে। আমাদের চেষ্টা, বেশিরভাগ আসনে প্রার্থীদের জেতানোর। বাংলার মুসলমানরা বদল আনবেন। আমরা আপনাদের নেতা বানাতে চাই, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন।’ কেন ভোট দিতে বলছেন, সেটাও খোলসা করেছেন ওয়েইসি। তাঁর দাবি, ‘বাংলায় আপনারা কখনও কংগ্রেস, কখনও বামেদের ভোট দিয়েছেন। ১৫ বছর তৃণমূলকে ভোট দিয়েছেন। ভাবতে হবে... আমরা কী পেয়েছি? আমাদের পাশে নেতা নেই। আমরা অন্যদের ভোট দিই।’ তাই এ বার হুমায়ুন কবীরকে ভোট দিয়ে জেতানোর ডাক দিয়েছেন তিনি।

    তৃণমূলের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন মিম প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর বোঝাপড়ার কথা তুলে তাঁর তোপ, ‘তৃণমূল বলছে ভোট কাটতে এসেছে। যখন গুজরাট জ্বলছিল, মানুষকে মারা হচ্ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছিলেন। ২০০৫ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অনুপ্রবেশের অভিযোগে ফাইল ছুঁড়েছিলেন। আমাদের নিজেদের অধিকার চাই।’ সরকারি চাকরিতে পর্যাপ্ত সংখ্যক সংখ্যালঘু নাগরিক নেই বলেও অভিযোগ করেন আসাদউদ্দিন ওয়েইসি। এ দিন হুমায়ুন কবীর তোপ দাগেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা-মাটি-মানুষের নেত্রী বলেন। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রীর মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন না। মাটির সঙ্গে তাঁর সম্পর্ক নেই।’

  • Link to this news (এই সময়)