কালিয়াচকে ঘেরাও থেকে মুক্ত হলেন বিচারকেরা। কোনওমতে আটকে পড়া সাত জন বিচারককে উদ্ধার করল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। কালিয়াচকের বিডিও অফিস থেকে উদ্ধার করে নিয়ে বেরিয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায়, ওই রাস্তা দিয়ে না গিয়ে মালদা-মোথাবাড়ি রাজ্য সড়ক হয়ে তাঁদের বের করে নিয়ে যাওয়া হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার সকাল থেকেই উত্তপ্ত কালিয়াচক। যত দিন গড়িয়েছে ততই বেড়েছে উত্তেজনা।
বিচারকদের উদ্ধার করা হলেও কালিয়াচকের পরিস্থিত এখনও বেশ উত্তপ্ত। ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। সূত্রের খবর, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। জাতীয় সড়কের উপর আগুন জ্বালিয়ে রান্না করা হচ্ছে। সারা রাত অবস্থান চলবে বলে সূত্রের খবর। গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ রয়েছে বলে সূত্রের খবর।
রাস্তা বন্ধ হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সড়ক পথে যোগাযোগ ব্যাপক ধাক্কা খেয়েছে। অনেক ঘুরপথে চলছে বাস। সূত্রের খবর, ধাক্কা খেয়েছে ট্রেন পরিষেবাও। মালদার বিভিন্ন রুটে একাধিক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে পড়েছে। উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রেল সূত্রের খবর।