• বৃষ্টি কমতেই নাটকীয় পরিবর্তন আবহাওয়ার, প্রবল দাপট গরমের, জারি হলুদ সতর্কতাও
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • এই সময়: ঝড়বৃষ্টির আবহ কাটতেই নাটকীয় পট পরিবর্তন আবহাওয়ার। আজ, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা–সহ ৭ জেলায় চড়া তাপমাত্রা ও আর্দ্র গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, বায়ুমণ্ডলের নীচের স্তরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া বয়ে যাবে সামনের কয়েক দিন। প্রধানত সে কারণেই দক্ষিণবঙ্গের অনেকটা এলাকা জুড়ে আজ থেকে পরশু পর্যন্ত গরম ও আর্দ্র পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, সামনের চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ চার থেকে ছ’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে চলেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় অন্তত তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশেরও বেশি থাকবে বলে অনুমান করা হচ্ছে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত থাকতে চলেছে। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো গরম এবং সন্ধে ও রাতে ভ্যাপসা গরমের আবহ বাড়বে।

    বুধবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় দু’একটি জায়গায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দিতে চলেছে। অন্য দিকে কাল শুক্রবার ও পরশু শনিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে বিভিন্ন জায়গায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেবে।

    এত দিন সন্ধের পর থেকে মাঝেমধ্যেই ঝড় এবং তার সঙ্গে আসা বৃষ্টির প্রভাবে বেশ মনোরম আবহাওয়াও থাকছিল কলকাতা–সহ দক্ষিণবঙ্গে। এ বার সেই স্বস্তির দিন শেষ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে গরমের দাপট বাড়বে।

  • Link to this news (এই সময়)