• লিস্টে নাম বাদ, আতঙ্কেই দুই মৃত্যু, দাবি পরিবারের
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • এই সময়, ময়ূরেশ্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে বীরভূম জেলায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ় ও এক তরুণীর। দু'টি পরিবার দাবি করেছে, জাতীয় নির্বাচন কমিশন প্রকাশিত পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকায় নাম না–থাকায় চিন্তায় ছিলেন তাঁরা। সেই আতঙ্কে মারা গিয়েছেন ময়ূরেশ্বরের কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের কুনুটিয়া গ্রামের প্রৌঢ় সাদত আলি শেখ (৫৪) ও মল্লারপুরের তরুণী অর্চনা বিবি (২৯)।

    প্রৌঢ়ের পরিবার সূত্রে খবর, গত ২৩ মার্চ নির্বাচন কমিশন যে চতুর্থ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে কুনুটিয়া গ্রামের ১০০৮ জন বিচারাধীন ছিলেন। সোমবার পঞ্চম তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যায়, ওই গ্রামের ৫৩৭ জনের নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাদতের বৌমা হাসিবা খাতুন। তা ছাড়া বাদ পড়ার তালিকায় রয়েছেন ওই পরিবারের আরও সাত জন সদস্য। পরিবারের দাবি, তারপর থেকে সাদত আতঙ্কে ভুগছিলেন। বিভিন্ন নথি নিয়ে ব্লক এবং পঞ্চায়েত অফিসে ঘোরাঘুরি করেছেন। কিন্তু তারপরে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। প্রৌঢ়ের স্ত্রী মোতেজান বিবি দাবি করে বলেন, 'ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে, এই আতঙ্কে স্বামী খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।'

    অন্য দিকে, মল্লারপুরের তালোয়া গ্রাম পঞ্চায়েতের গৌরবাজার এলাকার অর্চনা বিবি-র এ দিন মৃত্যু হয়েছে। তাঁর পরিবারও 'সার' আতঙ্ককে এই মৃত্যুর জন্য দায়ী করেছে। তাঁর নামও বিচারাধীন অবস্থায় ছিল। কিন্তু পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যায় বলে খবর। এ বিষয়ে সংশ্লিষ্ট কনুটিয়া ২১১ নম্বর অংশের বুথ লেভেল অফিসার (বিএলও) বাবলু রহমান বলেন, 'আমার অংশে ১৯৫ জন বিচারাধীন ছিলেন। তাঁদের মধ্যে ১৬৭ জনের উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও নাম বাদ গিয়েছে। বাদের তালিকায় রয়েছেন কর্মরত শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, এমনকী মন্ত্রী ফিরহাদ হাকিমের দেহরক্ষী সানোয়ার আলিও। মাঝখান থেকে আমি চাপে পড়েছি। ঊর্ধ্বত্বন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি।' ময়ূরেশ্বরের বিদায়ী বিধায়ক ও এ বারের তৃণমূল প্রার্থী অভিজিৎ রায় বলেন, 'রিভিশন আতঙ্কে দু'জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।'

  • Link to this news (এই সময়)