এই সময়, গোবরডাঙা: সোশ্যাল মিডিয়ার যুগে হাইটেক প্রচারের পাশাপাশি ক্যাম্পেনিংয়ের বড় অংশ জুড়ে এখনও রয়েছে দেওয়াল–লিখন। এ সবের মধ্যে ব্যতিক্রমী ছাপ রাখছেন গোবরডাঙার আনাজ বিক্রেতা, বামপন্থী গোপাল মালাকার। মাথাকেই রাজনৈতিক বিশ্বাস প্রচারের 'ক্যানভাস' বানিয়েছেন তিনি। পরিচিত একজনের সেলুনে গিয়ে মাথার পিছন দিকে সিপিএমের প্রতীক কাস্তে–হাতুড়ি–তারার নকশায় চুল ছেঁটে লালে রাঙিয়েছেন গোপাল। বাকিটা নেড়া। তাঁর এই অভিনব হেয়ার স্টাইলের 'কারিগর' কিন্তু বিজেপি সমর্থক। তিনি গোপালের পরিচিত, কাজেই...। গোপাল খুব গভীর ভাবে বামপন্থায় বিশ্বাসী। তাঁর কথায়, 'আমি শ্রমজীবী মানুষ। কলেজে পড়ার সময়ে এসএফআই করতাম। আমার বিশ্বাস, শ্রমিক শ্রেণির জন্য বামপন্থাই একমাত্র পথ। সেটার প্রতি খুব ভালোবাসা আমার।'
গোবরডাঙার মেদিয়া গ্রামের এই বাসিন্দা গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ভোটার। এ বার সেখানে সজল বিশ্বাসকে টিকিট দিয়েছে বামেরা। এলাকায় ভুবন নামে বেশি পরিচিত গোপাল। বছর কয়েক আগে অটো চালালেও এখন আনাজ বিক্রি করেন। নির্বাচনের আগে দেওয়াল লেখা থেকে মিটিং–মিছিলে চূড়ান্ত ব্যস্ততা গ্রাম থেকে শহরে। মাথায় কাস্তে–হাতুড়ি–তারা নিয়ে কাজের ফাঁকে এলাকায় ঘুরে ঘুরে একাই প্রচার চালাচ্ছেন গোপাল, বামেদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
তাঁর এই অভিনব হেয়ার স্টাইল দেখে কেউ হাসছেন, কেউ বা বলছেন 'শাবাশ, বেশ ক্রিয়েটিভ', কারও মতে 'রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ'। রাস্তাঘাটে বেরিয়ে তৃণমূল সমর্থকদের কটাক্ষও শুনছেন। কিন্তু গোপালের কিছু যায়–আসে না। মেদিয়ায় এমন প্রচার সচরাচর দেখা যায় না। ফলে প্রচারে তিনি নজর কাড়তে পেরেছেন, বলে মনে করছেন গোপাল।