এই সময়, ব্যারাকপুর: ২০০০ সালের ১ এপ্রিল খুন হয়েছিলেন নোয়াপাড়ার জনপ্রিয় তৃণমূল নেতা বিকাশ বসু। বুধবার তাঁর মৃত্যুবার্ষিকীতে কান্নায় ভেঙে পড়লেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। পরে তিনি বলেন, 'গত ২৬ বছর ধরে ওঁর স্মৃতিকে আগলে ধরে চলেছি।' এর মধ্যেই বিকাশ বসু খুনের ঘটনা নিয়ে এ দিন বিস্ফোরক দাবি করেছেন ওই ঘটনার অন্যতম অভিযুক্ত ও নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর দাবি, 'বিকাশ বসুকে খুন করিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং মুকুল রায়। অর্জুন সিংকে বলির পাঁঠা করা হয়েছে।'
এ বার নোয়াপাড়ায় প্রার্থী করা হয়নি তিনবারের বিধায়ক মঞ্জুকে। উল্টোদিকে, বিজেপি প্রার্থী করেছে বিকাশ বসু খুনে অভিযুক্ত অর্জুন সিংকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মঞ্জু বলেন, 'প্রকৃত খুনি কে, সেটা এই ২৬ বছরেও আমি জানতে পারিনি। এটাই আমার জীবনের একমাত্র আক্ষেপ।' অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তৃণমূল কারও পাশে থাকে না। প্রতিবারই ভোট এলে তৃণমূল বলে বিকাশ বসু হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে। আর ভোট মিটলেই সব ভুলে যায়।'
নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, 'অর্জুন সিং যে অভিযোগ নতুন করে করছেন সেটা আগে কেন বলেননি? যে মুকুল রায় বেঁচে নেই, তাঁর নাম এনে উনি কী বোঝাতে চাইছেন? বিকাশ বসু খুনে অর্জুন সিংকে কেন পুলিশ গ্রেপ্তার করেছিল?' এ দিন বিকেলে বিকাশ বসুর মূর্তিতে মালা দিয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, 'মুকুল রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক ২৬ বছরে বহুবার বিকাশ বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। অথচ একবারের জন্যও মালা দেননি অর্জুন। নোয়াপাড়ার মানুষ ওকে প্রত্যাখ্যান করবে।'