• হালকা খাবারেই ভরসা, ভোট-যুদ্ধের ময়দানে হেভিওয়েট হলেও, পাতে সবাই লাইটওয়েট
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • এই সময়: আবহাওয়ার পূর্বাভাস, আগামী কয়েক দিনে গরমের দাপট বাড়বে। তাপ বাড়ছে ভোটের ময়দানেও। এই গরমে তেতে পুড়ে প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরা। রীতিমতো বাছাই করা শব্দবাণে তাঁরা বিদ্ধ করছেন বিপক্ষকে। তবে খাবারের পাতে ‘মিলে সুর মেরা তুমহারা’। গরমে সুস্থ থাকতে সকলের মন্ত্র এক — হালকা, সহজপাচ্য খাবার। মশলাদার খাবার আপাতত উধাও তাঁদের পাত থেকে।

    এ বার বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায়। গত বার তিনি বেহালা পূর্ব থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। এমনিতে একটু জমিয়ে রান্না করা খাবার পছন্দ করেন রত্না। তবে ভোটের প্রচারের জন্য আপাতত সে ভালোবাসা শিকেয় তুলে রেখেছেন। বলছেন, ‘সুস্থ থাকতে এখন একেবারে নিরামিষ খাচ্ছি। মেনুতে থাকছে বিউলির ডাল, কাঁচা আমের টক, তেতো, লাউ, সুক্তোর মতো পদ।’ এ ছাড়া দু’বেলা নিয়ম করে টক দই খাচ্ছেন।

    বরাহনগর কেন্দ্রে বিজেপি–র প্রার্থী সজল ঘোষ জানান, অনেক দিনই আগেই দুপুরে খাওয়ার পাট তিনি তুলে দিয়েছেন। আপাতত সকাল সকাল ছাতুর শরবত খেয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। এর মধ্যে খিদে পেলে মুড়ি, বিস্কুটের মতো হালকা খাবার খাচ্ছেন। রাতে বাড়ি ফিরে খানতিনেক রুটি আর সব্জি তাঁর বাঁধা। বলছেন, ‘গরমে প্রচার করতে গিয়ে প্রচুর ঘাম বেরোচ্ছে। তাই প্রচুর পরিমাণে জল আর গ্লুকোজ় খাচ্ছি। গ্লুকোজ়ের একটা প্যাকেট তো সঙ্গেই থাকছে।’

    এ সব শুনে বেহালা পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী নিলয় মজুমদারের পরামর্শ — ‘গ্লুকোজ় খাচ্ছেন খান। তবে তার থেকেও বেশি জরুরি বেশি করে জল পান করা। আর যদি সুযোগ হয়, দু’বেলাই শসা খান।’ নিলয়ের কথা কিন্তু হেলাফেলা করলে চলবে না। তিনি যে পেশায় চিকিৎসক! নিজের ডায়েটে কী রাখছেন এই চিকিৎসক–প্রার্থী? নিলয় বলছেন, ‘একেবারে হালকা খাবার। ডাল, তরকারি আর মাছের হালকা ঝোল।’

    সব দলের সব প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রচারে তো আমাদের সকলকে বেরোতেই হবে। আমার অনুরোধ, আপনারা সবাই খুব বেশি করে জল পান করুন। সঙ্গে পর্যাপ্ত জল রাখুন। শরীর হাইড্রেটেড রাখতেই হবে। প্রচারের ফাঁকে ফাঁকে যখন সময় পাবেন তখনই অল্প অল্প জল খান, গলা ভিজিয়ে রাখুন।’

  • Link to this news (এই সময়)