• অনিয়ম করলেই প্রতিবাদ করার ডাক, মমতার নিশানায় কেন্দ্রীয় বাহিনী
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • এই সময়: ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনী বুথে কোনও অনিয়ম করলে মহি‍লাদের প্রতিবাদ করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি নির্বাচনী প্রচারে একাধিক সভায় এই বার্তা দিলেও তৃণমূল নেত্রী এ বার নির্দিষ্ট ভাবে আইটিবিপি–র কর্তাকে নিশানা করেছেন। বীরভূমে নির্বাচনী সভায় তিনি বলেন, ‘আইটিবিপি–র ডিজি এসেছিল এখানে। আমি শুনলাম নির্দেশ দিয়েছে, সব মহিলাদের যেন চেক করা হয়। মহি‍লাদের গায়ে হাত দেওয়া? মহিলারাই বুঝে নেবেন। আমি কিছু বলব না। মা বোনেদের এত ভয়? তোমার ঘরে মা, বউ, বোন নেই?’ মুখমন্ত্রী বুধবার তিনটি নির্বাচনী সভা করেন।

    মুর্শিদাবাদের নবগ্রামের সভায় মমতা বলেন, ‘উকুন বাছার মতো অফিসারদের চেঞ্জ করছেন। বিজেপি মানসিকতার লোক বসাচ্ছেন। মা–বোনেদের ওরা নাকি চেক করবে? পরশু দিন (সোমবার) দিল্লি থেকে এক হোতা এসে বলে গিয়েছেন।’ তৃণমূল নেতৃত্বর অবস্থান হলো, যদি কোনও জায়গায় কেন্দ্রীয় বাহিনী পক্ষপাত মূলক আচরণ করেন তা হলে সেখানে প্রতিবাদ করা হবে। মহিলাদের বাড়িতে থাকা হাত পাখা নিয়েও প্রতিবাদ করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে মমতা এ দিন বলেন, ‘এক মাসের জন্য দিল্লির পুলিশ আসবে। আপনারা আসুন, খাওয়া দাওয়া করুন, তারপর দিল্লি ফিরে যান।’

    আইটিবিপি নিয়ে দলের নেতা–কর্মীদের সতর্ক করার পাশাপাশি গেরুয়া শিবিরের কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর চাইলে তাও দিতে বারণ করেছেন মমতা। অ্যাকাউন্ট নম্বর দিলে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হবে বলে মমতা আশঙ্কা প্রকাশ করেন। নবগ্রামের সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কারও কাছে চায়, সাবধানে থাকবেন। ওরা বলবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা ঢোকাব। নির্বাচনের পরে ওই অ্যাকাউন্ট থেকে সব কেড়ে নেবে। যাতে ফোন হ্যাক না করতে পারে দেখতে হবে। এটিএম কার্ড যাতে হ্যাক না করে সেটাও দেখতে হবে। আপনার অ্যাকাউন্টে বেনামে টাকা ঢুকিয়ে ইডি–সিবিআইকে দিয়ে মাম‍লা করাতে পারে।’ মমতা এ দিন তিনটি সভাতেই দলের নেতা–কর্মীদের ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ভালো করে ইভিএম চেক করা, কাউন্টিংয়ের সময়ে শেষ পর্যন্ত মাটি কামড়ে থাকার পরামর্শ দিয়েছেন।

  • Link to this news (এই সময়)