নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার অস্থিরতা কাটেনি। তেহরানে হামলা থাময়নি ইজরায়েল। ড্রোন-মিসাইলে জবাব দিচ্ছে ইরানও। এই আবহে ভারতে লাইট মেশিন গান সরবরাহ শুরু করল ইজরায়েল। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই আগ্নেয়াস্ত্র ভারতে পাঠিয়েছে ইজরায়েল ওয়েপেন ইন্ডাস্ট্রিস(আইডব্লিউআই)। সংস্থার তরফে জানানো হয়েছে, ৪১,০০০ ইউনিট অস্ত্র সরবরাহের চুক্তি হয়েছে। প্রথম দফায় ২,০০০টি নেগেভ লাইট মেশিন গান ভারতে সরবরাহ করা হয়েছে। চলতি বছরেই আরও ৪,০০০টি সরবরাহের পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে, আইডব্লিউআই-এর সঙ্গে আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে এই অস্ত্র সরবরাহ সম্পন্ন হয়েছে। সেমি-অটোম্যাটিক ও ফুল-অটোম্যাটিক— দুভাবেই ব্যবহারযোগ্য এই অস্ত্র। হালকা ওজনের জন্য সামরিক মহলে এর বিশেষ কদর রয়েছে।