এক ধাক্কায় দ্বিগুণ বিমানের জ্বালানির দাম, কিছুটা স্বস্তি দেশীয় এয়ারলাইন্সগুলিকে
বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের। একধাক্কায় দ্বিগুন বিমানের জ্বালানির (অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ) দাম । বৃহস্পতিবার নয়াদিল্লিতে এটিএফের দাম দাঁড়াল প্রতি কিলোলিটারে ২ লক্ষ ৭ হাজার টাকা। তবে দেশীয় বিমান সংস্থাগুলিকে তেলের দাম বেশ কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। দেশীয় বিমান সংস্থাগুলির জন্য দাম বৃদ্ধি হয়েছে মাত্র ৮.৫ শতাংশ। গত মাসে এটিএফের দাম প্রতি কিলোলিটারে ছিল ৯৬ হাজার ৬৩৮ টাকা ১৪ পয়সা। এবার দেশীয় বিমান সংস্থাগুলির জন্য সেই দাম বেড়েছে প্রতি কিলোলিটারে ৮ হাজার ২৭৮৯ টাকা। তবে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির জন্য এই দামবৃদ্ধি প্রায় ১১৪ শতাংশ। তাদের প্রতি কিলোলিটার জ্বালানির জন্য দাম দিতে হবে ২ লক্ষ ৭ হাজার ৩৪১ টাকা ২২ পয়সা। প্রসঙ্গত, ২০০১ সালে বিমানের জ্বালানিকে নিয়ন্ত্রণ মুক্ত করা হয়। তারপর থেকে আন্তর্জাতিক বাজারে দরের ওঠাপড়ার ভিত্তিতে প্রতিমাসের শুরুতে স্থির হয় এটিএফের দাম। এরআগে এটিএফের দাম সবচেয়ে বেশি বেড়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়। সেসময় দাম দাঁড়িয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা প্রতি কিলোলিটার। এদিকে, জ্বালানির দাম বৃদ্ধির জেরে বিমান সংস্থা ইন্ডিগো অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আজ, বৃহস্পতিবার থেকে ভাড়া বাড়াবে বলে জানিয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার বাণিজ্যিক গ্যাসের দামবৃদ্ধির কথাও ঘোষণা করেছে কেন্দ্র। ১৯ কেজির সিলিন্ডারে এবার গুনতে হবে অতিরিক্ত ১৯৫ টাকা ৫০ পয়সা। প্রতি লিটার ১ টাকা ৫০ পয়সা বেড়ে এক্সট্রা গ্রিন ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ৯৯ পয়সা। এক্সপি১০০ অকটেন পেট্রলের দাম ১১ টাকা বেড়ে হয়েছে ১৬০ টাকা। তবে সাধারণ পেট্রল-ডিজেল ও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত ।