মুম্বই: দুই এনসিপি কি ফের এক হবে? গত কয়েক মাস ধরেই এই নিয়ে জল্পনা চলছে। বিষয়টি নিয়ে সুনেত্রা পাওয়ার যে সিদ্ধান্ত নেবেন তা অজিতপন্থী এনসিপির নেতা-কর্মীরা মেনে নেবেন বলে জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি তাতকারে। বুধবার তিনি বলেন, ‘দলের কর্মীরা সুনেত্রা পাওয়ারের পিছনেই রয়েছেন এবং তাঁর নেতৃত্বে যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা সকলে সমর্থন করবেন।’ গত ২৮ জানুয়ারি বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পর থেকেই জল্পনা ছড়ায় অজিতপন্থী এনসিপির (যা বর্তমানে মূল দল হিসাবে স্বীকৃত) সঙ্গে শারদ পাওয়ারের এনসিপি মিশে যেতে পারে। অজিতের মৃত্যুর পর দলের প্রধান হয়েছেন সুনেত্রা।