নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভোটার তালিকায় নাম বাদ ইস্যুতে বুধবার দিনভর উত্তাল হল মালদহ, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। জায়গায় জায়গায় চলে বিক্ষোভ, পথ অবরোধ। বিক্ষোভ থেকে রেহাই পেলেন না বিচারকরাও। এদিন মোথাবাড়িতে দুপুর থেকেই ৭ জন বিচারককে ঘেরাও করে রাখা হয়েছে। এদের মধ্যে ৩ জন মহিলা। আটকদের উদ্ধারে রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্তারা। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের সরিয়ে বিচারকদের উদ্ধার করে। স্থানীয়দের দাবি, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়েছে। যদিও প্রশাসন তা অস্বীকার করেছে।
আগে ভোটার, তারপর ভোট। এই দাবি তুলে বুধবার সকাল থেকে কালিয়াচক-১ ব্লক প্রশাসনিক কার্যালয়ে ধরনায় বসেন রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ির তৃণমূলের বিধায়ক সাবিনা। এবার তিনি সুজাপুরের প্রার্থী। সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক বন্ধ থাকায় ব্যাপক যানজট হয়। সাবিনার অভিযোগ, আমরা ভোট চাইতে যাচ্ছি। মানুষ প্রশ্ন করছে। বলছেন, আমরা তো ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছি। কীভাবে ভোট দেব। আমরা তার উত্তর দিতে পারছি না। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বিচারাধীন সুজাপুর বিধানসভায়। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি আছেন বলেই কী এসব হচ্ছে? সাবিনার অভিযোগ, প্রথম এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যাচ্ছে এক একটি বুথে অযৌক্তিকভাবে তিনশো, চারশো, আড়াইশো ভোটারের নাম অযৌক্তিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুজাপুরের পাশাপাশি মানিকচক বিধানসভার ধরমপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান এনায়েতপুর ও চৌকি বিদ্যাপুর অঞ্চলের বাসিন্দারা। মালদহ-মানিকচক রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা।
ভোটার তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে উত্তাল হয় ইংলিশবাজার এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাও। রাজ্য সড়ক থেকে স্থানীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভের কারণে তীব্র যানজট হয়। অবরোধ তুলতে বেগ পেতে হয় পুলিশকে। এদিন সকাল থেকেই ইংলিশবাজারের অমৃতি এলাকায় শুরু হয় জনতার বিক্ষোভ। বাঁশ দিয়ে বেড়া করে রাস্তা আটকে দেয় ক্ষুব্ধ জনতা। তাঁরা আওয়াজ তোলেন, আগে সব বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে হবে। তারপরেই হবে ভোট। বিক্ষোভকারীদের মধ্যে মহম্মদ রবিউল শেখ, দুখুনি বিবি, মহম্মদ আজহারউদ্দিন প্রমুখ বলেন, ইংলিশবাজারের ২৬ ও ২৭ নম্বর বুথে তিনশোর বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আরো প্রায় ২৫০ জন বিচারাধীন ভোটার এখনো চরম অনিশ্চয়তায়। তারই প্রতিবাদে বিক্ষোভ।
একই দাবি নিয়ে এদিন পথ অবরোধ হয় ইংলিশবাজারের কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে। বিক্ষোভ চরম আকার নেয় মোথাবাড়ি বিধানসভা এলাকাতেও। এছাড়া হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌতলপুর, উত্তর দিনাজপুরের হেমতাবাদের পূর্ব কাশিমপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ডিলিটেড ভোটাররা।