সংবাদদাতা, দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিল্পাঞ্চলে রাজনৈতিক উত্তাপ চরমে। বুধবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে পাণ্ডবেশ্বর কেন্দ্রের মনোনয়ন পর্বে দেখা গেল দুই ভিন্ন রাজনৈতিক চিত্র। একদিকে জনসমর্থনের জোয়ার, অন্যদিকে সীমিত পরিসরে প্রতীকী আচার।
মনোনয়ন জমা ঘিরে এদিন সিধু-কানু স্টেডিয়াম চত্বর জনারণ্যে পরিণত হয়। মুখ্যমন্ত্রীর নানুরের সভায় যাওয়ার আগে তাঁর উপস্থিতিতে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী দলনেত্রীর আশীর্বাদ নিয়ে সেখান থেকেই রোড শো শুরু করেন। তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল নামে। যা তৃণমূলের সংগঠনিক শক্তিরই প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিয়ে নরেন্দ্রনাথবাবু বলেন, এই বিপুল জনসমর্থনই স্পষ্ট করে দিচ্ছে মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। পাণ্ডবেশ্বর থেকে গোটা পশ্চিম বর্ধমানেই তৃণমূলেরই জয় হবে। তিনি বিজেপি প্রার্থীর মৎস্য যাত্রাকে কটাক্ষ করে বলেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই এই নাটক।
এদিন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি মৎস্য পুজো করে অল্প কয়েকজন সঙ্গীকে নিয়ে নীরবে মহকুমা শাসক দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন। তাঁর বক্তব্য, শাস্ত্র মেনেই শুভ কাজ শুরু করেছি। মানুষের আশীর্বাদই বড় শক্তি। তৃণমূলের জনসমাগম প্রসঙ্গে তিনি বলেন, অর্থবল থাকলে এমন আয়োজন সম্ভব।
এদিন সিপিএমের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। এদিন দুর্গাপুর পূর্বের প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায়, পশ্চিমের প্রভাস সাঁই, রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নারায়ণ বাউরি ও পাণ্ডবেশ্বরের প্রার্থী প্রবীর মণ্ডল মনোনয়ন পত্র জমা দেন। নিজস্ব চিত্র