নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা
বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এমন অভিযোগ উঠল পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুর মসজিদপাড়া এলাকায়। গ্রামবাসীরা আপাতত রাস্তাটির কাজ বন্ধ করে দিয়েছেন। নির্বাচনের দিন ঘোষণার প্রায় দুই মাস আগে এই রাস্তা নির্মাণের শিলান্যাস হয়েছিল। এরপর রাস্তার কাজ শুরুও হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে। যে কারণে ঢালাই পড়ার ঘণ্টা চারেক পরই রাস্তায় ফাটল ধরছে। এমনকী রাস্তার পাশে পাইলিং না দেওয়ারও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি, ওয়ার্ক অর্ডার না দেখিয়ে ঠিকাদার নিজের খুশি মতো কাজ করছেন।
এবিষয়ে স্থানীয় এক গ্রামবাসী মুকসোদা বিবি বলেন, পথশ্রী প্রকল্পে রাস্তাটির কাজ হচ্ছিল। কিন্তু ঠিকাদার গ্রামবাসীদের কোনো ওয়ার্ক অর্ডার দেখাননি। রাস্তাটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে, তা কেউ জানেন না। এছাড়াও খুব নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। কিছুক্ষণ পরই ঢালাইয়ে ফাটল ধরছে। এছাড়াও ঢালাই রাস্তার পাশে পাইলিং করতে হবে। না হলে এটি দীর্ঘস্থায়ী হবে না। এইসব কারণে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন।
এনিয়ে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বেরা বলেন, কিছু লোকজন ওখানে সমস্যা তৈরি করছেন। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে আমাদের। সবটা প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তবে রাস্তাটি তৈরি করার ক্ষেত্রে কারোও সঙ্গে কোনো আপস করা হবে না। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই এই কাজ করা হবে।