• পিলখানার পর সালকিয়া, হাওড়ায় ফের গুলি, গ্রেপ্তার তিন অভিযুক্ত
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিলখানার পর এবার সালকিয়া। সামান্য বচসা থেকে গুলি চলল সালকিয়ার বিবির বাগান এলাকায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। রাহুল পাল নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়, তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তদন্তে নেমে গোলাবাড়ি থানার পুলিশ গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত আকাশ যাদব ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তিনজনই স্থানীয় একটি দুষ্কৃতী দলের সদস্য বলে জানা গিয়েছে। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রসঙ্গত, সম্প্রতি পিলখানায় প্রকাশ্যে গুলি করায় খুন হয়েছিলেন এক প্রোমোটার। ওই ঘটনায় অনেক কাঠখড় পুড়িয়ে আফগান নাগরিক হারুণকে পাকড়াও করেছিল পুলিশ। 

    হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, রাহুল পালের ভাইয়ের সঙ্গে ভিকি দলুইয়ের মাস দু’য়েক আগে ঝামেলা হয়। অভিযোগ, ভিকি তাঁকে গালিগালাজ করে এবং গুলি করবে বলে হুমকি দেয়। এরপর তখনকার মতো বিরোধ মিটে যায়। মঙ্গলবার রাত ১০টা নাগাদ রাহুল ও তাঁর ভাই দাঁড়িয়ে ছিলেন। সেখান দিয়েই হেঁটে যাচ্ছিল ভিকি। অভিযোগ, দুই ভাইকে লক্ষ্য করে কিছু মন্তব্য ছুড়ে দেয় ভিকি, দেখে নেওয়ারও হুমকি দেয়। এরপরই রাহুলের ভাই উত্তেজিত হয়ে ভিকিকে মারধর করেন। ভিকি সেখান থেকে কোনোক্রমে পালিয়ে গিয়ে ফোন করে এলাকার কুখ্যাত দুষ্কৃতী আকাশ যাদবকে। রাত সাড়ে ১০টা নাগাদ সেখানে হাজির হয় আকাশ ও তার এক সঙ্গী। আকাশ রাহুলকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য সেই গুলি লাগেনি। স্থানীয়রাই আকাশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় আকাশ ও তার দুই সঙ্গী। খবর পেয়ে আসে গোলাবাড়ি থানার পুলিশ। রাহুলের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। গভীর রাতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

    তদন্তে জানা গিয়েছে তিনজনই বিবির বাগান এলাকায় এক দুষ্কৃতী দলের সদস্য। এলাকায় প্রোমোটিং, বেআইনি গাড়ি পার্কিং, ছিনতাই, খুনের চেষ্টা সহ একাধিক জায়গা থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা বিবির বাগান এলাকা নিজের দখলে রাখতে চাইছিল। স্থানীয়দের অভিযোগ, তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। বাড়ি খালি করা থেকে জমি কবজা, সব কিছুতেই এই গ্যাংয়ের ডাক পড়ে। বন্দুকের ভয় দেখিয়ে তারা সেগুলি দখল করে। অভিযুক্তদের শাগরেদদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
  • Link to this news (বর্তমান)