• বিধানসভা ও লোকসভায় লিড তৃণমূলের, বাড়তি নজর ‘হাইরাইজ’ ভোটের দিকে
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
  • অলকাভ নিয়োগী, বিধাননগর: ভোট মানেই অঙ্ক। যে কোনও নির্বাচন এলেই পুরানো ফলাফল নিয়ে অঙ্ক কষে সবপক্ষ। রাজারহাট-নিউটাউন বিধানসভার অঙ্কে স্বস্তিতে তৃণমূল। কারণ ২০২১ সালের বিধানসভা থেকে ২০২৪ সালের লোকসভা, সব ভোটেই লিড পেয়েছে তৃণমূল। তবে ২০২৪ সালের লোকসভায় ২৮ হাজার লিড পেলেও এনকেডিএ’র ১৫টি বুথে তৃণমূল লিড পায়নি। তাই এবার তৃণমূল নেতৃত্ব বাড়তি নজর দিচ্ছে শহরের ‘হাইরাইজ ভোটে’। নেতৃত্বের দাবি, উন্নয়নের পক্ষে সব মানুষই শাসকদলের পক্ষে। অন্যদিকে বিজেপি জয়ের ফসল ঘরে তুলতে ময়দানে জোরদার প্রচার চালাচ্ছে। গেরুয়া নেতৃত্বের দাবি, এবার সব বুথেই পদ্ম ফুটবে।

    গত বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২১ সালে এই রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ৫৬ হাজার ২৮৭টি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তাপসবাবু দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন। গত লোকসভা নির্বাচন তথা ২০২৪ সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে ২৮ হাজার ৪১৭ ভোটে। ২০১৯ সালের নির্বাচনে এখানে তৃণমূলের লিড ছিল ২৩ হাজার ৬৪৩ ভোট। অর্থাৎ গতবারের লোকসভার চেয়ে এবারের লোকসভা নির্বাচনে ৪ হাজার ৭৭৪ বেশি ভোটের লিড পেয়েছে তৃণমূল। ২০২৪ সালের লোকসভায় মূল নিউটাউন অর্থাৎ এনকেডিএ’র অধীনে ১৫টি বুথে তৃণমূল লিড পায়নি। তাই এবার সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। তৃণমূলের এক নেতা বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে একটু ভুল বোঝাবুঝির প্রভাব পড়েছিল। কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। তার উপর লোকসভার প্রভাব। কেন্দ্রের নির্বাচন ছিল। তবে এবার বিধানসভা নির্বাচন। এনকেডিএ’র বহু ভোটার আমাদের সমর্থন করছেন। প্রচারে সাড়াও মিলছে। তাপসবাবুও বলেন, সমস্ত এলাকার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। নিউটাউনের সব মানুষই বাংলার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষার পক্ষে। তাই তাঁরা এবারও আমাদের পূর্ণ সমর্থন করবেন। 

    নিউটাউনের বিজেপি নেতা ও দলের রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ বলেন, গত নির্বাচনে আমরা এই কেন্দ্রে ২৮ হাজারে পিছিয়ে ছিলাম এটা ঠিক। তবে এনকেডিএ’র ১৫টি বুথে লিড পেয়েছি। গ্রামীণে লিড পাইনি। তবে এবার আমরা মানুষের ভালো সাড়া পাচ্ছি। তাই আশা করছি এনকেডিএ’র মতো রাজারহাট-নিউটাউনের সব বু঩থেই এবার পদ্ম ফুটবে।
  • Link to this news (বর্তমান)