ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় হাসনাবাদ ও গাইঘাটায় অবরোধ
বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, বসিরহাট ও বনগাঁ: এসআইআর প্রক্রিয়ায় ১৪২ একজনের নাম বাদ যাওয়ায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন। বুধবার হাসনাবাদ থেকে লেবুখালি যাওয়ার রাস্তা ইটভাটা মোড় এলাকায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, হাসনাবাদ পঞ্চায়েতের ৩০ নম্বর বুথের ১৪২ জনের নাম বাদ গিয়েছে। এই সব ভোটারদের এসআইআর প্রক্রিয়ার শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে যাবতীয় তথ্য জমা দেন তাঁরা। এই বিষয়ে গফফার গাজি নামে এক ব্যক্তি বলেন, আমাদের শুনানিতে ডাকা হয়েছিল। আমরা সবরকম কাগজপত্র দেখিয়েছিলাম, তারপরও আমাদের নাম বাদ দিয়েছে। পুনরায় যদি আমাদের নাম না তোলা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। অবরোধের খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্র বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেয়। এই বিষয় হিঙ্গলগঞ্জের তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার বলেন, অশান্তির মূলে ইলেকশন কমিশন। সব বৈধ ভোটারের নাম ফের তুলে দেওয়া হোক।
নাম বাদ যাওয়ায় গাইঘাটাতেও বিক্ষোভ চলে। জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় যশোর রোডে। গাইঘাটা চাঁদপাড়া ১৭৩ নম্বর পার্টের ১৮৬ জন বিচারাধীনের মধ্যে ১৮৩ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। প্রতিবাদে গাইঘাটা বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। অবরোধবারীদের দাবি, চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ। আধ ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।