• সম্প্রীতির মনোনয়ন মমতার, ভিন্ন সম্প্রদায়ের ৩ প্রস্তাবক, গুজরাতি-হিন্দিতে দেওয়াল লিখন
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিশ্র ভাষাভাষী একাধিক ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি বাস ভবানীপুরে। এখানে যেমন রয়েছে চেতলা অঞ্চলের (৮২ নম্বর ওয়ার্ড) মতো বাঙালি অধ্যুষিত এলাকা, তেমনই আছে কলকাতা পুরসভার ৭০, ৭১, ৭৩ নম্বর ওয়ার্ড। এসব এলাকায় গুজরাতি, পাঞ্জাবি, মাড়োয়ারি সম্প্রদায়ের দীর্ঘদিনের বসবাস। আছেন জৈন ধর্মের অনুসারী অনেক মানুষ। আবার ৭৭ নম্বর ওয়ার্ডে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি। বিহার, ঝাড়খণ্ডের হিন্দিভাষী বহু মানুষও থাকেন এখানে। সবটা নিয়েই ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক। আক্ষরিক অর্থেই ‘মিনি ভারত’! ভবানীপুরের এই বিশেষ বৈশিষ্ট্যের কথা মাঝেমধ্যেই উল্লেখ করেন মমতা। এবার তাঁর মনোনয়ন পত্রেও থাকছে সেই বহুত্বের প্রতিফলন। 

    আগামী ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মেগা মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্রে প্রস্তাবক (প্রপোজার) হিসাবে কয়েকজনের স্বাক্ষর প্রয়োজন হয়। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চাইছেন তাঁর কেন্দ্রের ‘কসমোপলিটান’ চরিত্র। প্রস্তাবকদের তালিকায় ফুটে উঠবে সম্প্রীতির প্রতিচ্ছবি। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে এবার তৃণমূল নেত্রীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম। ৭১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শাহ। 

    এদিকে, মিশ্র সংস্কৃতির ভবানীপুরে দেওয়াল লিখনেও দেখা যাচ্ছে বৈচিত্রের ছোঁয়া। ৭০ নম্বর ওয়ার্ডের মতো গুজরাতি অধ্যুষিত অঞ্চলে গুজরাতি ভাষায় দেওয়াল লেখা হয়েছে। বুধবার দুপুরে এলগিন রোড এবং শরৎ বোস রোডের ক্রসিংয়ে একটি বেসরকারি স্কুলের দেওয়ালে গুজরাতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখেন স্থানীয় কাউন্সিলার অসীম বসু। আবার আলিপুর, খিদিরপুরের মত এলাকায় মতো হিন্দি, উর্দুতে দেওয়াল লিখনের দেখা মিলছে আকছার। রাজনৈতিক মহলের মতে, মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ভিন্ন ভাষাভাষী, ভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বাক্ষর গোটা রাজ্যের প্রেক্ষাপটে যথেষ্ট বার্তাবহ। এই পদক্ষেপ একাধারে বাংলা-বাঙালি আবেগ ও বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারাকে সম্মান জানানোর প্রয়াস বলে মনে করছে তারা। তৃণমূল সূত্রের খবর, আগামী ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার চালাবেন মমতা। ওই দিন রাতে বা ৮ তারিখ সকালে কলকাতা ফিরবেন তিনি। তারপর যাবেন মনোনয়ন জমা দিতে। বাড়ি থেকে বেরিয়ে কালীঘাট ব্রিজ ধরে বর্ণাঢ্য মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

    উল্লেখ্য, প্রথম দফায় যে যে আসনে ভোট, সেখানকার প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফার মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন পেশ করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফার মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।
  • Link to this news (বর্তমান)