• সিইও কার্যালয়ের সামনে বাড়ল ১৬৩ ধারার পরিধি
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ৬ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে  মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠেছিল সিইও অফিসের সামনের এলাকা। রাত গড়ালেও উত্তেজনা কমেনি। তবে বুধবার সকাল থেকে সেখানে কোনো জমায়েত দেখা যায়নি। পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সিইও অফিসের বাইরে দিকে দিকে ব্যারিকেড বসেছে। পাশাপাশি সিইও অফিস অর্থাৎ স্ট্র্যান্ড রোডের ১৬৩ ধারার পরিসর বাড়িয়েছে পুলিশ। কিরণ শঙ্কর রায় রোজ পর্যন্ত জারি করা হয়েছে ১৬৩ ধারা। সূত্রের খবর, সিইও অফিসের সামনে ঝামেলার ঘটনায় নব নিযুক্ত পুলিশ কমিশনারের ভূমিকায় সন্তুষ্ট নয় কমিশন। তারা মনে করছে অনেক আগেই গণ্ডগোল থামানো যেত। কেন্দ্রীয় বাহিনীকে আনতে কেন এত দেরি করা হয়। যার জেরে নতুন করে সিপি বদলের কথা কমিশন ভাবছে বলে সূত্রের খবর। 

    এদিকে, সিইও অফিসের তরফে বুধবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে একটি ভিডিয়ো দিয়ে সিইও অফিস দাবি করে, মঙ্গলবার গভীর রাতে কিছু গুন্ডাকে সঙ্গে নিয়ে বেলেঘাটার কাউন্সিলার জড়ো হন। তাঁরা স্লোগান দিতে থাকেন। সেই ভিডিয়ো দিয়ে কমিশন জানিয়েছে, কোনো ভাবেই এ ধরনের সমাজবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন কোনো ফাঁক রাখতে নারাজ। আইন তার নিজস্ব পথে চলবে।
  • Link to this news (বর্তমান)