২৭ মার্চ পর্যন্ত আবেদন করা নয়া ভোটারদের নাম থাকতে পারে তালিকায়
বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুচ্ছ গুচ্ছ ৬ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। বুধবার শীর্ষ আদালতের শুনানিতেও উঠে এসেছে গুচ্ছ গুচ্ছ ফর্ম-৬ জমা দেওয়ার প্রসঙ্গ। সেখানে কমিশন জানিয়েছে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হওয়ার আগে পর্যন্ত প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ফর্ম-৬ জমা দিতে পারেন। নির্বাচনি আইনেই তেমনটার উল্লেখ রয়েছে।
তবে যাবতীয় বিতর্কের মাঝে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ২৭ মার্চ পর্যন্ত যত সংখ্যক ফর্ম ৬ জমা পড়েছে, শুধুমাত্র সেগুলো খতিয়ে দেখার পর তালিকায় নাম উঠতে পারে। তারপর যেসব ফর্ম ৬ জমা পড়ছে, সেগুলো ভোটার তালিকায় তোলা সম্ভব হবে না। কারণ ফর্ম-৬ ও তাঁর সঙ্গে যাবতীয় নথি জমা পড়ার পর তা যাচাই করতে অন্তত ১০ দিন প্রয়োজন। পাশাপাশি নাম উঠলে সেই নামের বিরুদ্ধে যদি কেউ কোনও অভিযোগ জানায় তাহলে সেই অভিযোগের নিষ্পত্তির সময় দিতে হবে। ফলে ২৭ তারিখের পর জমা পড়া ফর্ম কার্যত ভোটার তালিকায় আসা সম্ভব নয়। এছাড়াও তিনি জানিয়েছেন, ৬ তারিখের পর আর নতুন করে কোনও ভোটার তালিকা তৈরি করা হবে না। ফলে ৬ তারিখ পর্যন্ত যে সব নাম তালিকায় উঠবে তারাই শুধু ভোট দিতে পারবেন।
এছাড়াও ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই বদলাচ্ছে বলে মত কমিশনের। ফলে প্রয়োজনে আরো বাহিনী নিয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সিইও জানিয়েছেন, যত সংখ্যক বাহিনী প্রয়োজন হবে, ততটাই মোতায়েন করা হবে। প্রয়োজনে ২৪০০ কোম্পানি মোতায়েনের পর আরও প্রায় ১২৫ কোম্পানি বাহিনী আনা হতে পারে। বর্তমানে রাজ্যে ৮০,৭১৯ টি বুথ রয়েছে। অতিরিক্ত আরও ৪,৬৬০ টি বুথ বাড়তে পারে। ফলে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হতে পারে।