• বিহারের ডলি-উমেশদের ‘ভাড়া’ করে বাংলায় ভোট করানোর ছক, বিজেপি-কমিশন ‘আঁতাত’ ফাঁস তৃণমূলের
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের ভোটাররা বাংলার তালিকাতেও! বিষয়টি সর্বপ্রথম সামনে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। দিনটা ছিল ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি। নেতাজি ইন্ডোরে এক সভায় দুই রাজ্যে একই এপিক নম্বর থাকা ভোটারের তথ্য সেদিন তুলে ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো। দাবি জানিয়েছিলেন, ‘স্বচ্ছ’ ভোটার তালিকারও। কিন্তু নির্বাচন কমিশন যে এখনও তা তৈরি করতে পারেনি, তার জ্বলন্ত উদাহারণ বুধবার ভোটমুখী বাংলায় ফের প্রকাশ্যে আনল তৃণমূল। রীতিমতো এপিক-তথ্য তুলে ধরে রাজ্যের শাসকদলের সরাসরি অভিযোগ—বিহারের চার-পাঁচজন ভোটারের নাম রয়েছে পশ্চিমবঙ্গেও। তাঁদের ‘ভাড়া’ করেই বাংলায় ভোট করানোর ছক সাজিয়েছে বিজেপি। সেই কাজে সাহায্য করছে খোদ কমিশন!

    কমিশনের নিয়ম অনুযায়ী, একজন ভোটারের নাম দুই রাজ্যের তালিকায় থাকতে পারে না। কিন্তু এদিন তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন স্পষ্টভাবে দেখিয়েছেন, চার ভোটারের নাম দুই রাজ্যেরই তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম সুলেখা কুমারী। বিহারের সঙ্গে সঙ্গে বাংলার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। একইভাবে শ্যামকুমার যাদব, তাঁর স্ত্রী,  কুমুদ সিং ও ডলি দেবীও দুই রাজ্যের ভোটার। তৃণমূলের দাবি, ভোটার তালিকা অনুযায়ী জনৈক রমেশ ও তাঁর ছেলে উমেশের নাম বিহারের দুটি নির্বাচনি এলাকায় নথিভুক্ত। তাঁরা আবার পশ্চিমবঙ্গেরও ভোটার। ভোটার তালিকায় দেখা গিয়েছে, রমেশের বাবা পরমেশ্বর যাদব। আবার উমেশ হলেন পরমেশ্বরের বাবা। ফলে কে বাবা, কে ছেলে সেটাই পরিষ্কার নয়। এছাড়াও সত্যনারায়ণ সিং সহ আরও একাধিক ভোটারের তথ্য সামনে এনেছে তৃণমূল। প্রত্যেকেই বিহারের ভোটার, কিন্তু নাম রয়েছে বাংলার তালিকাতেও!

    এভাবে অন্য রাজ্যের ভোটারের নাম বাংলায় অন্তর্ভুক্ত করার নেপথ্যে বিজেপি-কমিশনের ‘আঁতাত’কেই দায়ী করেছে তৃণমূল। ব্রাত্য বসুর অভিযোগ, দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বিজেপি যে কায়দায় ভোট করিয়েছিল, ঠিক সেই চক্রান্তই চলছে  বাংলায়। একঝাঁক ভুয়ো ভোটারকে বাংলায় ঢুকিয়ে রাজনৈতিক পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে গেরুয়া শিবির। বিজেপির পাশে বাংলার বৈধ ভোটাররা নেই। তাই অন্য রাজ্য থেকে ভোটার ভাড়া করে বাংলায় উড়িয়ে নিয়ে আসছে। ডেরেক ও‘ব্রায়েনেরও দাবি, অন্য রাজ্যেও যেভাবে ভোট-চুরি করেছিল বিজেপি, সেই এক ছক বাংলাতেও প্রয়োগের চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)