• প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের, হাতাহাতি থেকে রক্তারক্তিও!
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভের তালিকায় নয়া সংযোজন কংগ্রেস! বালিগঞ্জের প্রার্থী বদল করার দাবিতে বুধবার সকাল থেকে দলের সদর কার্যালয় বিধান ভবনে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকরা। সেই বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে হাতাহাতি, রক্তারক্তি ঘটে। মাথা ফেটে যায় এক কংগ্রেস কর্মীর। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে হয়। বালিগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রয়াত সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। তাঁর বদলে অন্য প্রার্থী দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল। কংগ্রেস তাদের কোন্দল সামলাতে ব্যস্ত থাকলেও তৃণমূল, বাম, বিজেপি জোরদার প্রচার চালিয়েছে। 

    বিধায়ক হিসাবে গত পাঁচ বছরে তিনি কী কী কাজ করেছেন, বুধবার তার খতিয়ান প্রকাশ করেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ। সেই সঙ্গে এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছ’টি ওয়ার্ডে কোথায় কী উন্নয়ন হয়েছে, সেই তথ্য সংবলিত বুকলেট পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে প্রকাশ করেন অতীনবাবু। তিনি এলাকার স্বাস্থ্য, নিকাশি, গণপরিবহণ সহ ১০টি উল্লেখযোগ্য ক্ষেত্রে কাজের বিবরণ তুলে ধরেন। আগামী দিনে বিধায়ক হওয়ার পর গঙ্গার ঘাটের উন্নয়ন, ইংরেজি মাধ্যমের উচ্চ মাধ্যমিক স্কুল সহ একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

    চলতি প্রচার পর্বে ভবানীপুর এবং বন্দর কেন্দ্রের বাইরে গিয়ে বুধবারই প্রথম পথসভা করলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি যাদবপুর বিধানসভায় দু’টি ওয়ার্ডে পথসভা করেন। গড়ফা অঞ্চলে ১০৬ নম্বর ওয়ার্ডের গ্যাস গোডাউন ব্রিজ এলাকায় পথসভা করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার, স্থানীয় কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর প্রমুখ। রাতে ১০১ নম্বর ওয়ার্ডের গাঙ্গুলি বাগানের কাছে বৈশাখী ক্লাব সংলগ্ন মাঠে দেবব্রতবাবুর সমর্থনে আরেকটি জনসভা করেন তিনি। সেই সভায় উপস্থিত ছিলেন সদ্য সিপিএম ছেড়ে আসা প্রতীক উর রহমান। তার আগে চেতলা অঞ্চলের আম্বেদকর কলোনি এবং কুমার মিত্র পার্ক এলাকায় মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে নিয়ে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে জনসংযোগ সারেন ফিরহাদ। শ্যামপুকুর কেন্দ্রের ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ চালান তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। আরুপোতা, বৈঁচিতলা এলাকায় প্রচার করেন এন্টালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। বিকালে পদ্মপুকুর পার্কে কর্মিসভায় যোগ দেন তিনি। 

    প্রচারে পিছিয়ে নেই বিরোধীরা। বাম, বিজেপি তো বটেই, কোথাও কোথাও কংগ্রেস প্রার্থীও নেমে পড়েছেন প্রচারে। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী রাজেন্দ্র গুপ্তা এদিন সকালে চিত্পুর ও বিকালে কাশীপুরে প্রচার করেন। মানিকতলা বিধানসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ এদিন হাতিবাগান এলাকায় প্রচার করেন। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ। কসবা বিধানসভার সিপিএম প্রার্থী দীপু দাস এদিন সন্ধ্যায় ৬৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। আর এক বামদল এসইউসিআই ২০২৫ সালের ভোটার তালিকার ভিত্তিতে ভোটের দাবিতে নির্বাচন কমিশন দপ্তরে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দলের কর্মী-সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। প্রসঙ্গত, তরুণবাবুর নিজের নামই তালিকা থেকে বাদ পড়েছে। 
  • Link to this news (বর্তমান)