• চা তৈরি থেকে আলু বিক্রি, বর্ণময় প্রচার
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • সমীর মণ্ডল, মেদিনীপুর

    ভোটের দিন-ক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। জোরকদমে শুরু হয়েছে প্রচারও। প্রার্থীদের ব্যস্ততা এখন তুঙ্গে। এক মুহূর্তও সময় নষ্ট না করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন তাঁরা।

    নির্বাচনী প্রচারে এ বার এক নতুন মাত্রা যোগ হয়েছে। প্রচার কিংবা জনসংযোগে বেরিয়ে প্রার্থীরা নানা অভিনব উপায় অবলম্বন করছেন। কোথাও দেখা যাচ্ছে, প্রার্থী নিজেই ক্ষুর হাতে ভোটারের দাড়ি কেটে দিচ্ছেন। কেউ রুটি বেলছেন, কেউ চুল্লিতে জ্বালানি দিচ্ছেন। কেউ বৃদ্ধকে গেঞ্জি পরিয়ে দিচ্ছেন, তো কেউ নেমে পড়ছেন দোকানে কাজ করতে। যদিও সাধারণ ভোটারদের একাংশের মত, 'ভোটের আগে এই ধরনের দৃশ্য নতুন নয়, তবে এ বারে তা যেন কিছুটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গিয়েছে।'

    বুধবার এমনই চিত্র ধরা পড়ল মেদিনীপুর শহরে। মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত প্রচারে বেরিয়ে একটি আলুর দোকানে বসে আলু-পেঁয়াজ বিক্রি করতে শুরু করেন। বিক্রেতাকে সহযোগিতার পাশাপাশি তিনি নিজেও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। সেখানেই শেষ নয়, মিয়াঁবাজার এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে তাঁকে চা তৈরি করতেও দেখা যায়। এ ভাবেই শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

    শঙ্কর জানান, সাধারণ মানুষের পরিশ্রম ও কষ্টকে বোঝাতেই তাঁর এই উদ্যোগ। তিনি বলেন, 'চাষিরা কঠোর পরিশ্রম করে ফসল ফলালেও ন্যায্য দাম পান না। চা বিক্রেতাদেরও সারাদিন পরিশ্রম করতে হয়। সরকার তাদের জন্য কিছুই করছে না। আমরা এই অবস্থার প্রতিবাদ জানাচ্ছি।' সেই সঙ্গে তাঁর আশ্বাস, 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে খেটে খাওয়া মানুষের দুর্দশা দূর হবে এবং মেদিনীপুরকে জেলার সেরা বিধানসভা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।'

    অন্য দিকে প্রচারে পিছিয়ে নেই তৃণমূল প্রার্থী সুজয় হাজরাও। সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের কেন্দ্রেও সমান ভাবে সময় দিচ্ছেন তিনি। এ দিন সকালে হবিবপুরে বিপ্লবী ক্ষুদিরাম বসু-র জন্মভিটেয় তাঁর মূর্তিতে মাল্যদান করেন সুজয়। তারপর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান। বিকেলে শহরের বিভিন্ন মাজারে গিয়ে চাদর চড়ান। সুজয়ের কথায়, 'আমরা সারা বছর মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকে। ফলে, ভোটাররা বিলক্ষণ জানেন, কোনটা লোকদেখানো নাটক আর কোনটা জরুরি কাজ!'

    মেদিনীপুর কেন্দ্রে প্রচারে নেমেছেন কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায় ও সিপিআই প্রার্থী মণিকুন্তল ঘোষ। তাঁরাও বিভিন্ন এলাকায় কর্মিসভার পাশাপাশি বাড়ি-বাড়ি প্রচারও চালাচ্ছেন। তবে সাধারণ ভোটারদের একাংশের মতে, নির্বাচনের সময়ে প্রার্থীদের এই ধরনের আচরণ অনেকটাই 'নাটকীয়'। তাঁদের কথায়, 'ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে অনেকেই অনেক কিছু করেন। তার পরে নির্বাচন মিটে গেলে তাঁদের অনেককেই আর এলাকায় দেখা যায় না!'

  • Link to this news (এই সময়)