• ব্যাঙ্কের অ্যাপ আপগ্রেডের ফাঁদ পেতে প্রতারণার চক্র, সতর্কবার্তা পুলিশের
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • এই সময়: ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড বা আপগ্রেডের নামে বড়সড় সাইবার জালিয়াতির কবলে কলকাতা। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা বা টেকনিক্যাল সমস্যা মেটানোর নাম করে জালিয়াতদের পাতা ফাঁদে পা দিয়ে লক্ষ–লক্ষ টাকা খোয়া যাচ্ছে অনেকেরেই। সম্প্রতি বেহালা ও বালিগঞ্জের দুই বাসিন্দার থেকে প্রায় ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। লাগাতার জালিয়াতি রুখতে গুগল-কে কড়া চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বেহালার এক বাসিন্দা সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘নিকিতা’ নামে এক মহিলার থেকে বার্তা পান। ব্যাঙ্কের ভুয়াে অ্যাপ ডাউনলোড করার জন্য দেওয়া হয় একটি লিঙ্ক। এর পরে ‘সিকিউরিটিজ গ্রুপ কিউ-৬’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ব্যক্তিকে যুক্ত করা হয়। শেয়ার বাজারে বিনিয়োগ করে মোটা মুনাফার প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তাঁর থেকে ৬ লক্ষ ৬ হাজার ৭৩০ টাকা হাতিয়ে নেওয়া হয়। বালিগঞ্জের বছর তেষট্টির এক প্রৌঢ়ও একই ভাবে জালিয়াতির শিকার হয়েছেন। ব্যাঙ্কের আধিকারিক সেজে ফোন করে তাঁকে বিভ্রান্ত করা হয় এবং তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা।

    আগামী দিনে আর কেউ যাতে এই চক্রগুলির পাতা ফাঁদে না পড়েন সে জন্যে লালবাজার গুগল-কে ওই সমস্ত সন্দেহজনক অ্যাপ দ্রুত সরানোর আবেদন জানাতে চলেছে। তবে এতেও কতটা লাভ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, এর আগে ৭০টি ভুয়ো লোন অ্যাপ সরানোর জন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেওয়া হয়েছিল। এর পরে ওই অ্যাপগুলি প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়া হলেও ফের নাম বদলে সেগুলি ঢুকে পড়েছে।

    সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, ‘অচেনা লিঙ্কে ক্লিক করে কোনও অ্যাপ ডাউনলোড করা বোকামি ছাড়া আর কিছু নয়। সেই সঙ্গে কাউকে টাকা পাঠানোর আগে তাঁর বিষয়ে সব কিছু ভালো করে যাচাই করে নেওয়া জরুরি।’ মনে রাখা প্রয়োজন, ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান কখনওই হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে অ্যাপ আপগ্রেড করতে বলে না।’ সন্দেহজনক কিছু ঘটলে তৎক্ষণাৎ সাইবার প্রতারণার অভিযোগ জানানোর জন্যে নির্দিষ্ট ১৯৩০ নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • Link to this news (এই সময়)