• ঘন ঘন ভোলবদল আবহাওয়ার, ঝড়বৃষ্টির দাপট নাকি ‘লু’-এর কবলে কলকাতা?
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • ক্যালেন্ডারের পাতা বলছে এপ্রিল। কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দহন জ্বালা। মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ক্রমশ বাড়ছে রোদের তেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে গরম আরও বাড়বে। ২ থেকে ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দহন জ্বালা আরও বাড়িয়ে তুলতে পারে তপ্ত বাতাস বা ‘লু’। তবে আবহাওয়ায় বদলাতে পারে ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে। কিন্তু এখন প্রশ্ন, ভোটের দু’দিনও কি লাইনে দাঁড়িয়ে ঘামতে হবে ভোটারদের?

    বৃহস্পতির সকাল থেকেই চড়া রোদ শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। যার জেরে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে।

    গরম বাড়বে দক্ষিণবঙ্গেও। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের আশা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। লু না বইলেও রোদের তেজ এবং ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে। তবে ৭ এপ্রিল থেকে বদলাতে পারে আবহাওয়া। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দেখা দিতে পারে কালবৈশাখী ঝড়। সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও।

    উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত বেশ মনোরম। আজ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গে। সোমবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

  • Link to this news (এই সময়)