• তাজপুরে চিকিৎসক দম্পতির ভয়ঙ্কর পরিণতি
    আজকাল | ০২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু চিকিৎসক দম্পতির।

     জানা গেছে, পূর্ব মেদিনীপুরের তাজপুরে বুধবার সন্ধেয় সমুদ্র স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক চিকিৎসক দম্পতির। মৃতরা হলেন কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। তাঁদের বাড়ি সোদপুরের ঘোলা থানা এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্রে নামার পর হঠাৎই তলিয়ে যেতে থাকেন দু’‌জন। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে উদ্ধারের চেষ্টা চালায় এবং বেশ কিছুক্ষণ পরে তাঁদের তুলে আনা হয়। খবর পেয়ে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    জানা গেছে, বুধবারই স্বামী–স্ত্রী একটি প্রাইভেট গাড়িতে করে তাজপুরে বেড়াতে এসেছিলেন। আর সন্ধেয় ঘটে গেল এই কাণ্ড। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দু’জনের মৃত্যু কীভাবে তা জানতে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। যোগাযোগ করা হচ্ছে পরিবারের সঙ্গেও।

    প্রসঙ্গত, রবিবারই তালসারির সমুদ্র সৈকতে নেমে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল তালসারি এলাকায় একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। যদিও এই মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এমনকী নিরাপত্তার ব্যবস্থা কেন ছিল না তা নিয়েও উঠছে প্রশ্ন। এর মধ্যেই বুধবার দিঘার সমুদ্রে নেমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দুই পর্যটক। নিউ দিঘায় স্নান করতে নামেন বছর ৪৮ এর সুনীল মুখোপাধ্যায় এবং তাঁর নাতনি সোয়ানা মুখোপাধ্যায়। সেই সময় প্রবল ঢেউয়ে ভেসে যান তাঁরা। যদিও ঘাটে উপস্থিত নুলিয়াদের তৎপরতায় কোনওক্রমে বেঁচে যান সম্পর্কে দাদু এবং নাতনি। এরপর বুধবার সন্ধেয় তাজপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল চিকিৎসক দম্পতির। 
  • Link to this news (আজকাল)