• কলকাতা-সহ জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা, কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা?
    আজ তক | ০২ এপ্রিল ২০২৬
  • বসন্তের শেষে কলকাতায় বাড়ছে দাবদাহ। তবে শুধুমাত্র শহর নয়, বরং গোটা রাজ্যজুড়েই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। গতকালের তুলনাতেও আজ কলকাতায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে ব্যাপক অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে আমজনতাকে।

    কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

    আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

    বুধবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। 

    জেলায় আবহাওয়া কেমন থাকবে?

    দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার এক বা দুই স্থানে এই পরিস্থিতি দেখা যেতে পারে।

    ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। বিশেষ করে দিনের বেলায় তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বৃষ্টি সংক্রান্ত আপডেট জেনে নিন

    IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার এক বা দুই স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে। 

    রাজ্যে ৩৮ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা

    চৈত্রের শেষেই রাজ্যে চড়চড় করে চড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডাতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৪°সে। অন্যদিকে, দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.০°সে।  
  • Link to this news (আজ তক)