রাহুলের মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
বর্তমান | ০২ এপ্রিল ২০২৬
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লুএ)। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কাছে এই সংগঠনের তরফে লিখিত আকারে বেশ কিছু দাবি জানানো হয়েছে। রবিবার তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে জলে ডুবে যান রাহুল। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অভিনেতার। সংগঠন জানিয়েছে, একে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ তারা। ধারাবাহিকের প্রযোজক, প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের প্রস্তাব ও বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।
রাহুলের পরিবারকে অবিলম্বে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া পাশাপাশি প্রযোজনা সংস্থার উপর নিষেধাজ্ঞা জারির দাবিও ওঠে। রবিবার রাত থেকেই টলিউডের অনেকেই নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছিলেন। সমাজমাধ্যমে আর্টিস্ট ফোরামকে ট্যাগ করে নিজেদের দাবি জানাতে থাকেন বহু শিল্পী। কিন্তু এখনো পর্যন্ত আর্টিস্ট ফোরামের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে, তিনি ফোনে অধরা। জবাব দেননি মেসেজেরও। সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেদের দাবিগুলি জানিয়েছিল সংশ্লিষ্ট সংগঠন। এবার মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠানো হল।
এই আবহে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। রাহুলের মৃত্যুর পর আদৌ ধারাবাহিকটি চলবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। চিত্রনাট্যকার তথা প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘এখন তো শ্যুটিং বন্ধ রয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। এসব ভাবার মতো মানসিক অবস্থাই নেই।’ জানা গিয়েছে, মঙ্গলবার এই ঘটনায় ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।