জল থেকে তোলার পরও কথা বলছিলেন রাহুল! বিতর্কের আবহে ৩ দিন বাদে কী সাফাই প্রযোজনা সংস্থার?
প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৬
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিতে দিন তিনেক বাদে মুখ খুলল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উত্তরোত্তর ক্ষোভও বাড়তে থাকে জনমানসে। ইন্ডাস্ট্রির তরফেও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম। বিতর্কের আবহে তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে এবার দীর্ঘ বিবৃতি জারি করল ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’।
ঘটনার সময় ঠিক কী ঘটেছিল, পুঙ্খানুপুঙ্খভাবে বিবৃতিতে সেকথা তুলে ধরার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের পথে হাঁটার কথা জানাল প্রযোজনা সংস্থা। বিবৃতিতে উল্লেখ, “সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত টিমের সকল শিল্পী এবং সদস্যরা। এদিন শুটে ঠিক কী ঘটেছিল, তা সঠিকভাবে জানার জন্য ইতিমধ্যে শিল্পী ও কলাকুশলীদের সাথে কথা বলা শুরু করেছি আমরা। সকলেই একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষিতেই সকলের বক্তব্য সংগ্রহের জন্য আমরা আরও কয়েক দিন সময় চেয়ে নিচ্ছি। কারণ আমরা নিজেরাও খতিয়ে দেখতে চাই কার, কোন বক্তব্যে অসঙ্গতি রয়েছে। আমাদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া যাতে পক্ষপাতহীন হয়, তাই এই সমগ্র প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য রাহুলের পরিবার, বন্ধুবান্ধব কিংবা ‘আর্টিস্টস ফোরাম’-এর পক্ষ থেকে মনোনীত কোনও প্রতিনিধির উপস্থিতি আমরা সাদরে গ্রহণ করব।”