• রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করছেন প্রিয়াঙ্কা, আইনি পদক্ষেপ আর্টিস্ট ফোরামেরও
    প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৬
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকের আবহ রাজ্যজুড়ে। রবিবাসরীয় বিকেলে তালসারিতে শুটিং করাকালীন আচমকাই সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। রাহুলের মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হলেও গত তিন দিনে টুঁ শব্দটি করেনি ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স। এদিকে রাহুলের মর্মান্তিক পরিণতিতে কাঠগড়ায় টলিপাড়ার শুটিং নিয়মবিধিও। পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন সেলেবপাড়ার সিংহভাগ তারকা। এমতাবস্থায় সূত্রের খবর, এবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার।

    রাহুলের মৃত্যুতে বিগত ৭২ ঘণ্টায় রাজ্যজুড়ে ঝড় বয়ে গেলেও এখনও পর্যন্ত মুখ খোলেনি ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। এমন আবহে অতীতে সংশ্লিষ্ট সংস্থার অন্য ধারাবাহিকের শিল্পীমৃত্যুর বিষয়টিতেও আলোকপাত করেছেন একাংশ। সেই প্রেক্ষিতেই অভিনেতা, কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, বুধবার বেলা তিনটে নাগাদ গলফগ্রিন থানায় FIR দায়ের করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে দক্ষিণ কলকাতার অন্য এক থানায় এফআইআর দায়েরের কথা আর্টিস্ট ফোরামের। আইনি নোটিসও পাঠানো হয়েছে।

    প্রথমটায় টেকনিশিয়ান স্টুডিওতে মিটিংয়ের কথা থাকলেও সকলে উপস্থিত থাকতে না পারায় সেটা বাতিল হয়ে যায়। পরে শোনা যায়, প্রসেনজিতের বাড়িতে একটি বৈঠক বসেছিল মঙ্গলবার! যদিও সেটা নিয়েও দ্বিমত রয়েছে। কিন্তু বুধবার টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গেল, ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়। যেখানে উপস্থিত ছিলেন অভিনেতাপত্নী প্রিয়াঙ্কা সরকারও। সেই বৈঠকেই সম্ভবত সকলে একজোট হয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর, আগামী দিনে সংস্থার তরফে যথাযথ উত্তর না মিললে কর্মবিরতির ডাক দেওয়া হতে পারে।
  • Link to this news (প্রতিদিন)