শহরের সাহিত্যপ্রেমীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল এক বিশেষ অনুষ্ঠান। একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র, জয় গোস্বামী আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁদের উপস্থিতিতে মঞ্চে তৈরি হলো এক অন্য আবহ। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে, জয় গোস্বামী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সেই দৃশ্য আবেগতাড়িত করে তোলে উপস্থিত দর্শকদের। বাংলা সাহিত্যের ঐতিহ্য, শ্রদ্ধা ও উত্তরাধিকার যেন সেখানে জীবন্ত হয়ে ওঠে।
এই অনুষ্ঠান শুধু সম্মান প্রদানের অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয় এক সাহিত্য উৎসবে। দুই সাহিত্যিককে সোনালি পদক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি, তরুণ সাহিত্য প্রতিভাদের হাতে পুরস্কার তুলে দেন তাঁরা।
মঞ্চে কখনও কবিতার আবেগ, কখনও গল্পের গভীরতা— দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য পরিবেশ। জয় গোস্বামীর কণ্ঠে শোনা যায় তাঁর বিখ্যাত পংক্তি— ‘পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো...’— যা মুহূর্তে ছুঁয়ে যায় শ্রোতাদের মন। অন্য দিকে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ সহজ ভঙ্গিতে বলেন, ‘‘তারার তোরণ’-এ বলতে চাই, মানুষের জীবনটাই আসলে এক অদ্ভুত গল্প। যেখানে বাস্তব আর কল্পনা পাশাপাশি হাঁটে।’ তাঁর কথায় যেন জীবনের নানা রং নতুন করে ধরা দেয় দর্শকদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আবেগ, শ্রদ্ধা আর সৃষ্টির এক অপূর্ব মেলবন্ধন। কবিতা ও গল্পের স্রোতে ভেসে দর্শকরা ফিরে গেলেন নিজেদের স্মৃতি ও অনুভবের জগতে। এই দুই সাহিত্যিকের উপস্থিতিতে যেন আবারও প্রমাণিত হলো— বাংলা সাহিত্য তার শিকড়ে যেমন দৃঢ়, তেমনই ভবিষ্যতের দিকেও সমান উজ্জ্বল।