ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে হাজরা মোড়ের দলীয় সভায় ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, শুভেন্দুর মনোনয়নের জন্যই তিনি শহরে এসেছেন। শুধু তা-ই নয়, ভোটের আগে এ রাজ্যে তিনি ১৫ দিন থাকবেনও। হাজরা মোড়ের সভার পর শুভেন্দুর মনোনয়নের রোড শো শুরু হয়েছে। রোড শোয়ের গাড়িতে শুভেন্দুর সঙ্গেই রয়েছেন শাহ।
ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নকে প্রথম থেকেই বড় রাজনৈতিক কর্মসূচি হিসাবেই তুলে ধরতে চেয়েছে বিজেপি। সেই কারণে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী শুভেন্দুর সঙ্গে থাকছেন শাহ। বৃহস্পতিবারের গোটা কর্মসূচিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হাজরা মোড়ের সভার পর রোড শো-তেও অংশ নেবেন শাহ।
হাজারা মোড়ের সভায় শাহ বলেন, 'ভোটের আগে ১৫ দিন আমি পশ্চিমবঙ্গেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।' শাহ জানান, তাঁর কথাতেই ভবানীপুর থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি শুভেন্দুদাকে বললাম, শুধু নন্দীগ্রাম নয়। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। আর ওঁর তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন। এ বার মমতা গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন।'